Bengal Liberty : এবার ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সরল করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এতদিন ভিসার আবেদনপত্রে মোট ১৩টি ভাগ পূরণ করতে হত। এবার সেটা কমিয়ে নয়টিতে নিয়ে আসা হল। এই নয়টি ক্যাটাগরির মধ্যে বিজনেস, ডিপলোম্যাটিক, ওয়ার্ক, জার্নালিস্ট, মেডিকেল, অফিসিয়াল, স্টুডেন্ট, ভিসিটার্স ও মিসলেনিয়াস রয়েছে। অর্ধেক সাব ক্যাটাগরি সরিয়ে ফেলা হল আবেদনপত্র থেকে। সাব ক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। উন্নত দেশগুলির ভিসা ব্যবস্থা দেখেই এই বদল করা হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, ভারতে যারা ভ্রমণ করতে চাইছে তাঁদের জন্য ভিসায় আমুল পরিবর্তন আনা হয়েছে। এই ভিসিটার্স ভিসায় শুধু ঘুরে বেড়ানোই নয়, ব্যবসায়িক মিটিং, স্বল্পমেয়াদী শিক্ষা বা চিকিৎসা সব কিছুই করা যাবে। এই ভিসাকে দুই ভাগে ভাগ করা হবে। একটি হল, ভি ১ ভিজিটার্স ভিসা ও ভি ২ ভিজিটার্স ভিসা। ভি ১ ভিজিটার্স ভিসা সর্বোচ্চ ৩০ দিনের জন্য হতে পারে। এই সময়ের মধ্যে একাধিকবার প্রবেশ বা প্রস্থান করা যাবে। চিকিৎসার পাশাপাশি পর্যটন ও ব্যবসায়িক কাজেও এই ভিসা দেওয়া হবে। ভি ২ ভিসিটার্স ভিসার মেয়াদ হতে পারে এক বছর থেকে দশ বছর পর্যন্ত। বিদেশি পড়ুয়াদের সংখ্যা বাড়াতে স্টুডেন্ট ভিসার নিয়মও সহজ করা হবে। বিজনেস ভিসার ক্ষেত্রে দুটি ভাগ করা হয়েছে। ভারতে যেন বিদেশি ব্যবসায়ীরা আসেন, বিনিয়োগ করেন, সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ভিসা ব্যবস্থা চলতি বছরের শেষেই কার্যকর করতে চাইছে কেন্দ্র।


