Bengal Liberty : বছর শেষ হওয়ার আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবহাওয়াবিদদের নজরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর। সেখানে শুক্রবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী সময়ে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী, পরিস্থিতি অনুকূল থাকলে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘আকওয়ান’। অন্যদিকে, রাজ্যে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। কমছে তাপমাত্রা। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার মধ্যেও কি বাংলার আবহাওয়ায় বদল আসবে? আজ কি কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। বরং আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজ আরও বাড়বে। এদিকে, কলকাতাতেও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ার পাশাপাশি শীতের অনুভূতি বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ায় কিছুটা ভিন্ন ছবি দেখা যেতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ার আশঙ্কা নেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, আপাতত তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে।


