Bengal Liberty : উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইতালি। ফরাসি দলের ঘরের মাঠে আয়োজিত এই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করল আজ্জুরিরা। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইতালি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ফ্রান্স। ম্যাচের মাত্র ১ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি দল। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি ইতালি। ৩০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর দুরন্ত গোলে সমতায় ফেরে আজ্জুরিরা। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে ইতালি। ৫১ মিনিটে মাতেও রেতেগুইয়ের পাস থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন দাভিদে ফ্রাত্তেসি। এরপর ৭৪ মিনিটে ডেস্টিনি উদোগির পাস থেকে গোল করে ইতালির জয় নিশ্চিত করেন জিয়াকোমো রাসপাদোরি। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এই জয়ের ফলে উয়েফা নেশনস লিগের অভিযান দুরন্তভাবে শুরু করল ইতালি। অন্যদিকে, ঘরের মাঠে হেরে প্রতিযোগিতার শুরুতেই ধাক্কা খেল ফ্রান্স।


