Bengal Liberty : দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় ধৃত ধ্রুবজ্যোতির পুলিশ হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে ধ্রুবজ্যোতির জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। অন্যদিকে, তদন্তের স্বার্থে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। দু’পক্ষের সওয়াল-জবাবের পর ১৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
এদিন ধ্রুবজ্যোতির আইনজীবী জামিনের আবেদন জানান। অন্যদিকে, মামলার আর এক অভিযুক্ত শুভর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল আত্মসমর্পণ করতে চেয়ে ইমেল করেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি করা হচ্ছে। যদিও পুলিশ হেফাজতের বিরোধিতা করছেন না তিনি। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতেও প্রস্তুত তাঁর মক্কেল।
পুলিশের আইনজীবী জানান, হেফাজতে থাকাকালীন একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মোট ২১টি গুরুত্বপূর্ণ নথি ও ডকুমেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণও হাতে এসেছে। ধ্রুবজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে কয়েকটি সংস্থার নাম পাওয়া গিয়েছে। সেই সংস্থাগুলির ভূমিকা খতিয়ে দেখতে আরও তদন্ত প্রয়োজন। পাশাপাশি ধ্রুবজ্যোতির অফিসেও তল্লাশি চালানো হয়েছে বলে আদালতে জানায় পুলিশ। পুলিশের আরও দাবি, অভিযুক্ত সত্যিই আত্মসমর্পণ করতে চাইলে সরাসরি আদালতে হাজির হতে পারতেন।
আরও খবর
অন্যদিকে, অভিযোগকারীর আইনজীবী আদালতে নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত কয়েকজনের নাম জানিয়েছেন। সেই কারণে অভিযোগকারী প্রাণহানির আশঙ্কা করছেন। ইতিমধ্যেই তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে আদালতে জানান আইনজীবী। এই মামলায় এক প্রাক্তন মন্ত্রীর নাম জড়িয়ে থাকায় বিষয়টির গুরুত্ব আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগকারীর যাতে কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে আদালতের বিশেষ নজরদারির আবেদন জানান তাঁর আইনজীবী। সব মিলিয়ে দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় তদন্তের পাশাপাশি অভিযোগকারীর নিরাপত্তার বিষয়টিও এদিন আদালতে বিশেষ গুরুত্ব পায়।


