Bengal Liberty : প্রকাশ্যে পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকেও চ্যালেঞ্জ করেছিলেন। এরপরই ফের বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়ার মামলায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিল গিরিশ পার্ক থানার পুলিশ। আগামী ২০ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় উপস্থিত হতে বলা হয়েছে। ওই দিন দুপুর ১টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। সেদিন সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে পুলিশ। সেই বক্তব্যের পরই পুলিশ আধিকারিকদের উদ্দেশে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের দেখে নেব।” তাঁর এই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারুদের মতো কাজ করেছিল। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।
এরপর ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। ওই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সেই মামলার তদন্তের অংশ হিসেবেই এবার সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সেই কারণেই নির্দিষ্ট দিনে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
আরও খবর
এদিন সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছয় গিরিশ পার্ক থানার পুলিশ। সেখানেই তাঁর নামে হাজিরার নোটিস দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে নোটিসটি গ্রহণ করা হয়েছে। ফলে আগামী ২০ নভেম্বর তিনি নিজে থানায় হাজির হন কি না, এখন সেটাই দেখার। পুলিশের প্রশ্নের মুখোমুখি হয়ে এই অভিযোগের বিষয়ে তিনি কী বক্তব্য জানান, সেদিকেও নজর থাকবে।
উল্লেখ্য, অভিষেকের জন্মদিনে কেক কাটা নিয়ে কালীঘাটে যে কাণ্ড হয়েছিল, সেই সময়ও পুলিশের সঙ্গে তাঁকে হুমকির সুরে কথা বলতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার পাল্টা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “পুলিশের গায়ে হাত দিলে তাঁকে রেয়াত করা যাবে না।” তারপরই পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় অভিষেকের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতা কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।


