Bengal Liberty : সরকারি জমির নথি জাল করে ঋণ নিয়ে না মেটানোর গুরুতর অভিযোগ। এই অভিযোগে গ্রেফতার হলেন যাদবপুরের এক সময়ের প্রভাবশালী সিপিএম নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়। নথি জাল করে সরকারি জমি লিজ নেওয়ার অভিযোগ লালবাজারের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করেছে। সেই লিজের নথি জমা দিয়ে ঋণগ্রহণ এবং সেই টাকায় বাড়ি তৈরির অভিযোগ। রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের হয়েছিল সেই নিয়ে।
যাদবপুর-টালিগঞ্জের একসময়ের প্রভাবশালী নেতা গৌতমকে পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, সরকারি জমি সংক্রান্ত নথি জাল করেছিলেন তিনি। জমিটি লিজ নিয়ে ঋণ নেন ব্যাঙ্ক থেকে। এরপর সেই টাকায় বাড়ি তৈরি করেন। কিন্তু ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা তিনি শোধ করেননি বলে অভিযোগ। যেখান থেকে ঋণ নিয়েছিলেন গৌতম, তাদের তরফে বাড়ি দখল করতে যাওয়া হলে দেখা যায় বাড়িটি আসলে সরকারি জমিতে তৈরি করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়ের হলে শুক্রবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়।
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “সিপিএম আমলে সিপিএম-এর নেতারা, একদম নিচু লেভেল থেকে শুরু করে সব জায়গায় চুরিচামারিতে তৃণমূলের চেয়ে কোনও অংশে কম ছিলেন না। তাঁরা ধুতি পরে, সাদা চুলে চুরি করতেন, আর স্ট্র দিয়ে খেতেন। তাই মুখে লেগে থাকত না। তৃণমূল বোকা ছিল, অত শিক্ষিত ছিল না, পড়াশোনা কম ছিল বলে গাপ গাপ করে খেতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু সিপিএম তো কম ছিল না! আমরা দেখেছি দিনের পর দিন।” এমনটাই বিতর্কিত মন্তব্য করেন তিনি।


