‘প্রিয়দা’র স্মরণে একমঞ্চে কংগ্রেস-বাম-তৃণমূল, জোটের ইঙ্গিত কুণালের
‘প্রিয়দা’র স্মরণে একমঞ্চে কংগ্রেস-বাম-তৃণমূল, জোটের ইঙ্গিত কুণালের

‘প্রিয়দা’র স্মরণে একমঞ্চে কংগ্রেস-বাম-তৃণমূল, জোটের ইঙ্গিত কুণালের

Bengal Liberty : প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির ৮১তম জন্মবার্ষিকীতে নজিরবিহীন রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল কলকাতা। শুক্রবার বিবাদী বাগে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন ও স্মরণসভাকে কেন্দ্র করে একই মঞ্চে হাজির হলেন কংগ্রেস, বাম এবং তৃণমূলের একাধিক নেতা। মতাদর্শের ফারাক ভুলে ‘প্রিয়দা’র স্মৃতিচারণে সামিল হলেন তাঁরা। তবে সেই মঞ্চ থেকেই বিজেপি-বিরোধী জোটের প্রস্তাব দিয়ে নতুন রাজনৈতিক জল্পনা উসকে দিলেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।

প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও ছিল বিভিন্ন দলের বহু নেতার। সেই সৌজন্য থেকেই প্রদেশ কংগ্রেসের তরফে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে অনুষ্ঠানে দেখা যায়নি প্রিয়রঞ্জনের স্ত্রী দীপা দাশমুন্সি এবং পুত্র মিছিলকে।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “প্রত্যেক দলই একা লড়াইয়ের কথা বলছে। আর সেই সুযোগে বিজেপি ভোটের ময়দান দখল করে নিতে পারে। তাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ও সিপিএমকে একসঙ্গে আসার আহ্বান জানাচ্ছি।”

কুণালের এই বক্তব্যের পরই আপত্তি জানান কংগ্রেস নেতারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, প্রিয়রঞ্জনের স্মৃতির উদ্দেশে আয়োজিত এই অনুষ্ঠান কোনও রাজনৈতিক জোটের আলোচনা বা দলীয় রাজনীতির মঞ্চ নয়। রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র ‘প্রিয়দা’কে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন—মন্তব্য করেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।

এদিন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও প্রিয়রঞ্জনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্মরণ করেন। অন্যদিকে, অনুষ্ঠান শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন কুণাল ঘোষ। সেই মুহূর্তও নজর কাড়ে রাজনৈতিক মহলের।

প্রিয়রঞ্জন দাশমুন্সির জনপ্রিয়তা যে দলীয় গণ্ডি ছাপিয়ে ছিল, এদিনের মঞ্চ যেন তারই প্রতিফলন। তবে একই মঞ্চে কংগ্রেস, বাম ও তৃণমূল নেতাদের উপস্থিতি এবং কুণাল ঘোষের জোটের আহ্বান ঘিরে নতুন প্রশ্ন উঠছে। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে এই সৌজন্যের কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হবে কি না, তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে ভবিষ্যতের দিকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।