Bengal Liberty : কল খুললেই জল পড়ছে। কিন্তু সেই জলের গতি ও চাপ অত্যন্ত কম। কোথাও সরু সুতোর মতো জল পড়ছে, আবার কোথাও দোতলা-তিনতলায় জলই উঠছে না। টালায় পাইপ ফেটে যাওয়ার জেরে কয়েক দিনের টানা জলকষ্টের পর কলকাতায় পানীয় জল সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে জলের পর্যাপ্ত চাপ না থাকায় এখনও ভোগান্তিতে শহরের একাংশের বাসিন্দা। কলকাতা পুরসভা সূত্রে খবর, পলতা জলপ্রকল্পের ৭২ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত এই সমস্যা মিটবে না। আর সেই মেরামতির জন্য প্রয়োজন অন্তত এক দিনের সম্পূর্ণ ‘শাটডাউন’। কিন্তু তাতে শহরের প্রায় ৭৫ শতাংশ বাসিন্দা এক দিন জল পাবেন না। সামনেই ছটপুজো ও জগদ্ধাত্রীপুজো। উৎসবের মরসুমে এত বড় ঝুঁকি নিতে চাইছে না পুরসভা।
৭২ ইঞ্চির বদলে ৪৮ ইঞ্চির পাইপে জল সরবরাহ
কলকাতায় পানীয় জল সরবরাহের অন্যতম প্রধান ভরসা পলতা জলপ্রকল্পের ৭২ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন। সম্প্রতি সেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে ৪৮ ইঞ্চির পাইপ দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু ছোট ব্যাসের এই পাইপ দিয়ে আগের মতো বিপুল পরিমাণ জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলের গতি ও চাপ অনেকটাই কমে গিয়েছে।
এর জেরে কোথাও কল দিয়ে অল্প জল পড়ছে, আবার কোথাও বহুতলের উপরের তলায় জল পৌঁছচ্ছে না। গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে দক্ষিণ কলকাতার কিছু এলাকায় জল সরবরাহ করা হলেও শহরের উত্তর, মধ্য এবং দক্ষিণের বিস্তীর্ণ অংশ এখনও পলতার জলের উপর নির্ভরশীল। তাই বিকল্প ব্যবস্থায় সাময়িক স্বস্তি মিললেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
আরও খবর
এক দিনের ‘শাটডাউন’ প্রয়োজন
পুরসভা সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত ৭২ ইঞ্চির মূল পাইপলাইন সম্পূর্ণ মেরামত করতে হলে পলতা জলপ্রকল্পে অন্তত এক দিনের জন্য সম্পূর্ণ ‘শাটডাউন’ করতে হবে। বিশেষজ্ঞদের মতেও, যথাযথ প্রস্তুতি নিয়ে এই কাজ করা জরুরি। কিন্তু শাটডাউন হলে কলকাতার প্রায় ৭৫ শতাংশ বাসিন্দা এক দিনের জন্য পানীয় জল থেকে বঞ্চিত হবেন। এটাই পুরসভার কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তার উপর সামনে ছটপুজো ও জগদ্ধাত্রীপুজোর মতো গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে। এই সময়ে এক দিন জল সরবরাহ বন্ধ রাখলে নাগরিকদের ক্ষোভের মুখে পড়তে হতে পারে। তাই আপাতত শাটডাউনের পথে হাঁটতে চাইছে না প্রশাসন। সংশ্লিষ্ট মহলের ধারণা, পাইপ ফাটার আগের মতো স্বাভাবিক গতিতে জল সরবরাহ ফিরতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য উৎসবের মরসুম মিটলেই পলতায় সম্পূর্ণ শাটডাউন করে পাইপলাইন মেরামতির কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে পুরসভাকে।


