Bengal Liberty : শিক্ষকদের বদলিতে নতুন নীতি আনতে চলেছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে এই নিয়ে আলোচনা চলছে। উৎসশ্রী পোর্টাল সহ পুরনো একাধিক বিধি বদলাতে পারে। জানা যাচ্ছে, ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ড ও ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। নতুন নিয়মে আগের মতো পছন্দের তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ নাও থাকতে পারে শিক্ষকদের।
সেক্ষেত্রে শিক্ষকদের বদলির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও পড়ুয়া সংখ্যার অনুপাতের ওপর। গ্রাম ও শহরের স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়া সংখ্যার ভারসাম্য ফেরাতেই নতুন বদলি নীতির উদ্যোগ নিচ্ছে শিক্ষা দফতর। জানা যাচ্ছে, কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছে কিনা, আবার কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছে কিনা, বদলি নীতিতে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
শিক্ষকদের বদলি অনুমোদনের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বদলে শিক্ষা দফতরকে সরাসরি দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চ লছে। একই সঙ্গে অতিরিক্ত শিক্ষক সংক্রান্ত নতুন নির্দেশিকা নেওয়া হচ্ছে সরকারের তরফে। শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন নির্দেশিকা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। আইনি পরামর্শ নেওয়ার পরই নতুন বদলি নীতি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। চলতি বছরের মধ্যেই নতুন বিধি জারি হতে পারে বলে শিক্ষা দ ফতর সূত্রে খবর।


