কলেজ-বিশ্ববিদ্যালয়ের গভার্নিং বডিতে চমক, এবার জায়গা করে নিলেন সংঘের প্রতিনিধিরা
কলেজ-বিশ্ববিদ্যালয়ের গভার্নিং বডিতে চমক, এবার জায়গা করে নিলেন সংঘের প্রতিনিধিরা

কলেজ-বিশ্ববিদ্যালয়ের গভার্নিং বডিতে চমক, এবার জায়গা করে নিলেন সংঘের প্রতিনিধিরা

Bengal Liberty : কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধিরা। রাজ্যের ৩৪০টি পরিচালন সমিতির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে সংঘের সদস্যদের মনোনীত করেছে উচ্চশিক্ষা দফতর। সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় (প্রশাসনিক ও নিয়ম) আইন অনুযায়ী, রাজ্যের কলেজগুলির গভার্নিং বডিতে রাজ্য সরকারের নমিনি হিসাবে কয়েকজনকে মনোনীত করেছেন রাজ্যপাল। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

জানা গিয়েছে, প্রত্যেক কলেজে গভার্নিং বডির জন্য দুজন করে সদস্য নির্বাচন করা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্য সায়ন পাণ্ডাকে সীতানন্দ কলেজের নমিনি করা হয়েছে। গাইঘাটার গোবরডাঙা হিন্দু কলেজের গভার্নিং বডিতে রাখা হয়েছে যুব বিজেপির মুখপাত্র অচিন্ত্য মণ্ডলকে। ভৈরব গাঙ্গুলি কলেজের সরকারি নমিনি করা হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দীকে। মালদহ কলেজের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসকে। খড়্গপুর কলেজের সরকারি নমিনির দায়িত্ব দেওয়া হয়েছে যুব বিজেপির কনভেনর সৌরিন গোস্বামীকে। এছাড়াও বাঁকুড়ার ছাতনায় চণ্ডীদাস মহাবিদ্যালয়ের সরকারি নমিনি করা হয়েছে স্বপন মুখোপাধ্যায়কে। তিনি বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। পাশাপাশি পাঁচমুড়া মহাবিদ্যালয়ের গভার্নিং বডির নমিনি করা হয়েছে এবিভিপি দক্ষিণবঙ্গের সহ সম্পাদক প্রণব কুমুদ মাহাতোকে।

এর আগে তৃণমূলের আমলে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা পরিচালন সমিতির গভার্নিং বডির সদস্য হতেন। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর ২৪৭টি কলেজে পরিচালন সমিতির সভাপতি নির্বাচন করেছে বিজেপি সরকার। সেখানে অধিকাংশ কলেজে সভাপতি রাজ্যের মন্ত্রী, বিজেপি বিধায়ক বা সাংসদ। এবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিনিধিরাও কলেজের গভার্নিং বডিতে জায়গা করে নিল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।