‘আগে রাম, পরে বাম’! বিমান বসুকে স্লোগান প্রসঙ্গে বামেদেরই কাঠগড়ায় তুললেন কুণাল
‘আগে রাম, পরে বাম’! বিমান বসুকে স্লোগান প্রসঙ্গে বামেদেরই কাঠগড়ায় তুললেন কুণাল

‘আগে রাম, পরে বাম’! বিমান বসুকে স্লোগান প্রসঙ্গে বামেদেরই কাঠগড়ায় তুললেন কুণাল

Bengal Liberty : ‘আগে রাম, পরে বাম’—বিজেপির বাড়বাড়ন্তের জন্য বামেদেরই কার্যত দায়ী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কলেজ স্ট্রিটে সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসুকে ঘিরে এবিভিপি সমর্থকদের স্লোগান এবং বামেদের বুকস্টলে হামলার অভিযোগকে কেন্দ্র করে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন বামেদের অতীত রাজনৈতিক অবস্থানকেই বিঁধলেন তিনি। নিজের ফেসবুক থেকে একটি ভিডিও বার্তায় কুণালের কটাক্ষ, “আপনারা আগে বলতেন রাম, পরে বাম। এখন তো রাম আসুক, তৃণমূল যাক। পরে বাম আসবে। এই ফর্মুলা কেমন লাগছে?”

নভেম্বর বিপ্লব স্মরণ করে বিগত চার বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি অনুমতি নিয়ে বইয়ের স্টল করছে এসএফআই। এবারও তার অন্যথা হয়নি। তবে এবিভিপির তরফে পালটা স্টল করার অনুমতি দাবি করাকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল এবং বাজি ছোড়ার অভিযোগ ঘিরে গত তিন দিন ধরে উত্তপ্ত কলেজ স্ট্রিট। বুধবার এসএফআইয়ের স্টলে পৌঁছন সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসু। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি ‘বিমান চোর’, ‘জুতো মারো তালে তালে’ বলেও স্লোগান দেন এবিভিপি সমর্থকরা।

এই ঘটনার প্রতিবাদ করেও বামেদের আত্মসমালোচনার পরামর্শ দিয়েছেন কুণাল। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বামেরা কার্যত বিজেপির ভোট বাড়তে সাহায্য করেছে। এখন সেই শক্তিই বামেদের বইয়ের স্টল এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।

কুণালের কথায়, “বোতলের দৈত্যকে আপনারাই খুলেছেন, সেই দৈত্য এখন আপনাদেরও আক্রমণ করছে।” বিমান বসুকে লক্ষ্য করে এমন অপমানজনক স্লোগানেরও তীব্র নিন্দা করেছেন তিনি।অন্যদিকে, কলেজ স্ট্রিটে রাজনৈতিক উত্তেজনা এবং এবিভিপি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্য, “ছাত্রদের ব্যাপার। আন্দোলন তো কখনও নিরামিষ ছিল না। ওইটা একটু হয়।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।