‘বইয়ের শহরে বোমার শব্দ নয়, বইয়ের পাতাই শেষ কথা বলবে’! কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে জানালেন কংগ্রেসের শুভঙ্কর
‘বইয়ের শহরে বোমার শব্দ নয়, বইয়ের পাতাই শেষ কথা বলবে’! কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে জানালেন কংগ্রেসের শুভঙ্কর

‘বইয়ের শহরে বোমার শব্দ নয়, বইয়ের পাতাই শেষ কথা বলবে’! কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে জানালেন কংগ্রেসের শুভঙ্কর

Bengal Liberty : কলেজ স্ট্রিট বইপাড়ায় এসএফআইয়ের বুক স্টলে হামলা, ভাঙচুর এবং পড়ুয়াদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির বিরুদ্ধে। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সেখানে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগানও দেয় গেরুয়া ছাত্র সংগঠনের সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ স্ট্রিট বইপাড়া এবং কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার।

এ দিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তারক পাল, রাহুল পাণ্ডে, কৃষ্ণা দেবনাথ, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন পাল, সুমন রায়চৌধুরী, তপন আগরওয়াল, প্রিয়াঙ্কা চৌধুরী-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, বুধবার কলেজ স্ট্রিট বইপাড়ায় এবিভিপির সদস্যদের বিরুদ্ধে তাণ্ডব চালানো, বোমাবাজি, বামপন্থী ছাত্র সংগঠনের বইয়ের স্টল ভাঙচুর এবং পড়ুয়াদের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় শিক্ষাঙ্গনে। অভিযোগ, বইপাড়ার মতো এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বই বিক্রেতা এবং পড়ুয়ারা।

বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে গিয়ে প্রথমে আতঙ্কিত বই বিক্রেতাদের সঙ্গে কথা বলেন শুভঙ্কর সরকার। তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি যে কোনও বিপদে কংগ্রেস তাঁদের পাশে থাকবে বলেও জানান তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁদের কাছ থেকেও ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

পরবর্তী সময়ে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন শুভঙ্কর। গতকালের অশান্তি এবং পড়ুয়াদের উপর হামলার অভিযোগ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন তিনি। পাশাপাশি, এবিভিপির হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ওঠা পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান।

কলেজ স্ট্রিটের এই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের বার্তা, শিক্ষাঙ্গনে হিংসা ও ভয়ের পরিবেশ কোনওভাবেই কাম্য নয়। বইপাড়ার ঐতিহ্য বজায় রেখে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। ‘বইয়ের শহরে বোমার শব্দ নয়, বইয়ের পাতাই শেষ কথা বলবে’—এই বার্তাই এ দিন কলেজ স্ট্রিট থেকে তুলে ধরল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।