Bengal Liberty : শীতের আমেজে ফের বাধা! বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের প্রভাবে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম কলকাতা শহরেরও। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সোমবার রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? কোথায় কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে অবস্থানরত অতি গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। আকাশজুড়ে মেঘের আনাগোনা। অন্যদিকে, শীতের অনুভূতিও কিছুটা কমেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পাহাড়ের বিভিন্ন উঁচু এলাকায় তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।


