Bengal Liberty : রাজ্যে ফের পুলিশের এনকাউন্টারে মৃত্যুর অভিযোগ। বীরভূমের নানুরের সাঁতরা গ্রামের বাসিন্দা রতন শেখের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকেই নানুরের বাসাপাড়া এলাকার সাঁতরা গ্রামে নেমে এসেছে থমথমে পরিবেশ। রতনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।
মৃত রতন শেখের বড় বৌদি চম্পা বিবি বলেন, ‘‘রতনকে না মেরে হাত-পা ভেঙে দিতে পারত। অথবা সারা জীবন জেলে রেখে দিতে পারত। কিন্তু পুলিশের গুলিতে মারা গেল, এটা খুব খারাপ লাগছে।’’ তাঁর দাবি, গতকাল সন্ধ্যা ছ’টা নাগাদ তাঁরা রতনের মৃত্যুর খবর জানতে পারেন। এরপর থেকেই পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রতনের দাদা সালাম শেখকে পুলিশ নিয়ে গিয়ে মৃতদেহ শনাক্ত করিয়েছে। পাশাপাশি দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গিয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, দেহ গ্রামে নিয়ে আসার পর সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
আরও খবর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর ধরে সাঁতরা গ্রামে থাকতেন না রতন শেখ। প্রায় সাত বছর আগে নিজের জমি বিক্রি করে তিনি গ্রাম ছেড়ে চলে যান। এরপর থেকে নির্দিষ্ট কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস করতেন না বলেই স্থানীয়দের দাবি। গ্রামেও তাঁর যাতায়াত ছিল খুবই কম। ফলে দীর্ঘদিন ধরে গ্রামের সঙ্গে তাঁর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে কীভাবে পুলিশের সঙ্গে রতনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল, পুলিশের গুলিতে ঠিক কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং ওই ঘটনায় পুলিশের তরফে কী কী তথ্য সামনে এসেছে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
উল্লেখ্য, গত কয়েক মাসে রাজ্যে একাধিক পুলিশি এনকাউন্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলির একাংশ পুলিশের এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেও সরকার ও পুলিশের তরফে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। নানুরের রতন শেখের মৃত্যুর ঘটনাকে ঘিরেও আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।


