Bengal liberty : অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত শিশমহল এবার জনতার জন্য খুলে দিতে চলেছে বিজেপি সরকার। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এই কথাই জানিয়েছেন দিল্লির রেখা গুপ্তার মন্ত্রিসভার সদস্য পরবেশ ভার্মা। আগামী কয়েকদিনের মধ্যে টিকিট বুকিং শুরু হয়ে যাবে বলে খবর। পাশাপাশি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীদিনে প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তিনি। দিল্লির মন্ত্রী পরভেশ ভার্মা জানান, পরিচারক, কর্মীদের আবাসন, একাধিক বাংলো ও গ্যারাজ ভেঙে এই শিশমহল নির্মাণ করেছিলেন কেজরিওয়াল। এবার সেটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। পাশাপাশি শিশমহলটি সাংবাদিকদেরও ঘুরিয়ে দেখানো হবে।
বিশ্লেষকদের মতে, সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। সেখানে আম আদমি পার্টির একটা বড় ভূমিকা রয়েছে। বর্তমানে পাঞ্জাবে শাসকদলের ভূমিকাতেও রয়েছে কেজরির দল। তার আগে কেজরির শিশমহলকে সামনে এনে আম আদমি পার্টিকে বেকায়দায় ফেলাই এখন বিজেপির মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০১৫ সালে দিল্লির ৬ নম্বর ফ্ল্যাগশিপ রোডের বাংলোর অধিবাসী হয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলার জেরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলো খালি করেন তিনি। এই বাংলোটিকে ঘিরে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছিল। অবৈধভাবে জমি অধিগ্রহণ থেকে শুরু করে শিশমহলে একাধিক বিলাসবহুল আসবাব, যন্ত্র ও গেজেট রাখার কথাও জানা যায়। যা নিয়ে বিজেপি আম আদমি পার্টির বিরুদ্ধে সরবও হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমালোচনায় সরব হয়েছিলেন। এবার সেই শিশমহলকেই নির্বাচনী হাতিয়ার করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


