Bengal Liberty : বামপন্থী প্রগতিশীল সাহিত্যের পাল্টা জাতীয়তাবাদী বইয়ের সম্ভার। আর সেই বই সজনোকে কেন্দ্র করেই বুধবার সকাল থেকে ধুন্ধুমার কলেজ স্ট্রিট। এসএফআইয়ের বুকস্টলের সামনেই পাল্টা বইয়ের স্টল বসাতে চায় এবিভিপি। তা নিয়েই মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠন। শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকে আলাদা করতে ব্যারিকেডও তৈরি করা হয়। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। সব মিলিয়ে বইপাড়ায় ছড়ায় তীব্র উত্তেজনা।
তিন দিনের ‘মিনি বইমেলা’ ঘিরে মঙ্গলবার থেকেই অশান্তি
পুলিশের অনুমতি নিয়েই মঙ্গলবার সকাল থেকে তিন দিনের ‘মিনি বইমেলা’ কর্মসূচি শুরু করেছিল সিপিএম। কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে এই কর্মসূচির আয়োজন করে মূলত ছাত্র সংগঠন এসএফআই। সেখানে বুকস্টল তৈরির কাজও শুরু হয়েছিল। কিন্তু অভিযোগ, পুলিশ আচমকাই তাতে বাধা দেয়। বুকস্টল বসাতে না পেরে মঙ্গলবার কলেজ স্ট্রিটের ট্রাম লাইনের উপরেই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যরা। পরে আইনভঙ্গের অভিযোগ তুলে সেই বইয়ের স্টল সরিয়ে দিতে যায় পুলিশ। তা নিয়েই শুরু হয় বিক্ষোভ ও সংঘর্ষ। মঙ্গলবার প্রায় দিনভর উত্তপ্ত ছিল কলেজ স্ট্রিট চত্বর।
এসএফআইয়ের বুকস্টলের সামনে পাল্টা স্টল
তবে বুধবার সকাল থেকে পরিস্থিতি নতুন মোড় নেয়। বামেদের বুকস্টলের সামনেই পাল্টা বইয়ের স্টল সাজিয়ে বসতে চায় এবিভিপি। জাতীয়তাবাদী বইয়ের সম্ভার নিয়ে হাজির হন সংগঠনের সদস্যরা। তাঁদের হাতে ছিল স্বামী বিবেকানন্দের বই ও ভারতমাতার ছবি। এরপরই দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে গড়ায়। এসএফআইয়ের অভিযোগ, এবিভিপি সদস্যরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলেন। মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয় বলেও অভিযোগ। অন্যদিকে, নিজেদের বইয়ের স্টল বসানোর দাবিতে অনড় থাকে এবিভিপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যারিকেড তৈরি করলেও উত্তেজনা থামেনি। বরং ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়। দুই ছাত্র সংগঠনের সংঘাতকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ স্ট্রিট।


