Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফর ঘিরে উৎসবের আবহ আলিপুরদুয়ারে। বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন থেকে শুরু করে জনজাতীয় গৌরব দিবসের বিশেষ অনুষ্ঠান-ব্যস্ত কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি আদিবাসী হস্টেলের আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে এই সফর ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়েছে উত্তরবঙ্গের চা-শ্রমিকদের মধ্যে। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য নতুন কোনও ঘোষণা করেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর
জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার দুপুর ১টা নাগাদ হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে ডাঙ্গি আশ্রম মাঠের হেলিপ্যাডে পৌঁছবেন তিনি। এরপর যাবেন লোকনাথপুর আশ্রম হস্টেলে। সেখানে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের ২৫০টি হস্টেলের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় করারও কথা রয়েছে তাঁর। হস্টেলগুলির পরিস্থিতি এবং আবাসিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এরপর লোকনাথপুর আশ্রম হস্টেল থেকে ময়নাবাড়ির হাতিপোতা মোড়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী জননায়ক বীরসা মুণ্ডার মূর্তি উন্মোচন করবেন তিনি।
চা-শ্রমিকদের প্রত্যাশা তুঙ্গে
মূর্তি উন্মোচনের পর কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের রায়ডাক গলফ কোর্সের মাঠে আয়োজিত জনজাতীয় গৌরব দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জনজাতি সমাজের ঐতিহ্য, সংগ্রাম ও আত্মপরিচয়কে সামনে রেখেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন। কর্মসূচির প্রতিটি পর্ব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরও খবর
তবে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। বিশেষ করে চা-বলয়ের শ্রমিকদের প্রত্যাশা অনেকটাই বেশি। এর আগে চা-শ্রমিকদের জন্য বোনাস ও ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার আলিপুরদুয়ারের মঞ্চ থেকে তাঁদের জন্য নতুন কোনও বার্তা বা সুবিধার ঘোষণা আসে কি না, সেই আশাতেই বুক বাঁধছেন উত্তরের চা-শ্রমিকরা।


