Bengal Liberty: ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী তথা জনজাতি গৌরব দিবস উপলক্ষে আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার প্রথমে লোকনাথপুর আশ্রমের আবাসিক পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মেন্দাবাড়ির হাতিপোতা মোড়ে পৌঁছে স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে হাতিপোতা মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বিরসা মুন্ডা মোড়’। মূর্তিতে মাল্যদান করে আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
এদিনের সভামঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বারবার বঞ্চনার শিকার হয়েছেন আদিবাসীরা। সংবিধানপ্রণেতা ড. বি আর আম্বেদকরের ভাবনা ও আদর্শ অনুযায়ী জনজাতি সম্প্রদায়ের মানুষের যে সমস্ত সুযোগ-সুবিধা ও প্রকল্প পাওয়ার কথা, তার অনেক কিছু থেকেই তাঁরা বঞ্চিত হয়েছেন। সেই বঞ্চনার অবসান ঘটানোর আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আগের সরকারের মতো আর একটি সম্প্রদায়কে সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে আদিবাসীদের বঞ্চিত করা হবে না। রাজ্যের প্রতিটি জনজাতি সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও সুযোগ পাবেন।” শুধু তাই নয়, উত্তরবঙ্গের এক প্রাচীন জনজাতি টোটো সম্প্রদায়ের জন্য বিশেষ রেশন ব্যবস্থার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
সামাজিক প্রকল্পের প্রসঙ্গ টেনেও একাধিক ঘোষণা ও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে জোহার পেনশন যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা এবার সমানভাবে পাবেন আদিবাসীরা। জোহার পেনশন যোজনায় ৫০০ টাকা বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, চা-বাগানের শ্রমিকদের জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন শুভেন্দু। বন্ধ চা-বাগানগুলি ধীরে ধীরে খোলার ক্ষেত্রেও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আরও খবর
এদিনের সভা থেকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলে থাকাকালীন তাঁর উপর হওয়া হামলার ঘটনার ফাইল নতুন করে খোলার হুঁশিয়ারি দেন তিনি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত কঠোর পদক্ষেপ করার নির্দেশও দেন।
বক্তৃতায় কুমারগ্রামের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা থাকাকালীনও তিনি সেখানে গিয়েছিলেন। ওই এলাকার মানুষ বরাবরই বিজেপির উপর আস্থা রেখেছেন। পাশাপাশি, বর্তমান মন্ত্রিসভায় একাধিক জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এদিন অন্য মেজাজেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বক্তব্য শেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবে শামিল হন শুভেন্দু অধিকারী। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে নাচতেও দেখা যায় তাঁকে।


