Bengal Liberty: কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করার প্রতিবাদে বুধবার অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় এই কর্মসূচি। শোকজের নোটিস প্রত্যাহারের পাশাপাশি, ঠিক কোন তদন্ত রিপোর্টের ভিত্তিতে আট ইন্টার্নের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে, তা সম্পূর্ণ প্রকাশ করার দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের বক্তব্য, রিপোর্টের প্রতিটি তথ্য সামনে আনতে হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিস জারি করা যায় না।
চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের চিকিৎসা ঘিরে কলকাতা মেডিক্যাল কলেজের পরিকাঠামো এবং ওষুধের জোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, জরুরি বিভাগে রক্তক্ষরণ বন্ধের ওষুধ ট্রানেক্সামিক অ্যাসিড-সহ প্রয়োজনীয় কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাব ছিল। পাশাপাশি, সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এর পরেই আট ইন্টার্নকে শোকজ করে কলেজ কর্তৃপক্ষ। নোটিসে অভিযোগ করা হয়, ডিউটিতে থাকা অবস্থায় তাঁরা দায়িত্ব পালন না করে সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়েছিলেন। হাসপাতালের ওষুধের অভাব নিয়ে তাঁদের বক্তব্যও তদন্তে ভিত্তিহীন বলে দাবি করা হয়। তিন দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়।
তবে বুধবারের বিক্ষোভে জুনিয়র চিকিৎসকদের পাল্টা দাবি, তাঁরা প্রত্যেকেই নিজেদের নির্ধারিত ডিউটি শেষ করার পরেই অবস্থানে বসেছেন। ফলে আগের দিনের মতো কর্তব্যরত অবস্থায় সাংবাদিক বৈঠক করা বা দায়িত্বে গাফিলতির অভিযোগ এই কর্মসূচির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই তাঁদের বক্তব্য। তাঁদের আরও দাবি, কলেজ কাউন্সিলের বৈঠকে ওষুধের অপ্রতুলতার বিষয়টি আলোচনায় উঠে এসেছিল। এমনকী, শোকজ প্রত্যাহারের সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু পরে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সেই অবস্থান থেকে সরে আসেন বলে অভিযোগ। এর পরেই অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা।
আরও খবর
এই অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করেই পরে মেডিক্যাল কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এবিভিপির একদল সমর্থক সেখানে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ঘটনার ভিডিয়ো করা নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এক জুনিয়র চিকিৎসক-পড়ুয়ার অভিযোগ, তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাঁকে মারধর করা হয়। আরও অভিযোগ, অধ্যক্ষের ঘরের বাইরের কোলাপসিবল গেটের তালা বাঁশ দিয়ে ভাঙার চেষ্টা করা হয় এবং করিডরের কাচ ভেঙে যায়। যদিও এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য পাল্টা দাবি করেছেন, তাঁদের উপরই হামলা চালানো হয়েছে। তাঁরা কোনও হামলা করেননি বলেও দাবি সংগঠনের। এনএমও-র সমর্থকেরাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ পৌঁছনোর পর তাদের অনুরোধে এনএমও-র জমায়েত সরে যায়।
এদিকে, বুধবারের অধ্যক্ষ ঘেরাও প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “জুনিয়র চিকিৎসক যদি আইন লঙ্ঘন করেন, তাহলে সেই আইন লঙ্ঘনের মোকাবিলা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ীই আমরা চলব।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অধ্যক্ষের তরফে সরকারি ভাবে হস্তক্ষেপের আবেদন জানানো হলেই পুলিশ নামবে। এবং যা পদক্ষেপ করার, তা-ই করা হবে।”
রাতের দিকে পুলিশি প্রহরায় মেডিক্যাল কলেজ চত্বর ছাড়েন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।


