জনস্বার্থে পিছোল মাধ্যমিক! নতুন নির্ঘণ্ট নবান্নে পাঠাল শিক্ষা দফতর
জনস্বার্থে পিছোল মাধ্যমিক! নতুন নির্ঘণ্ট নবান্নে পাঠাল শিক্ষা দফতর

জনস্বার্থে পিছোল মাধ্যমিক! নতুন নির্ঘণ্ট নবান্নে পাঠাল শিক্ষা দফতর

Bengal Liberty : জনস্বার্থের কথা মাথায় রেখে পরীক্ষার নির্ঘণ্টে বড়সড় বদল। প্রায় দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা, চলবে ১৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক শেষ হওয়ার মাত্র দু’দিনের ব্যবধানেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। ১৯ মার্চ থেকে শুরু হয়ে সেই পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

সেন্সাসের কাজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের পরিকল্পনা রয়েছে রাজ্যের। ফলে একই সময়ে পরীক্ষা এবং সেন্সাসের কাজ সামলানো নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে নতুন পরীক্ষাসূচি তৈরির প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। দুই পর্ষদ ও সংসদের তরফে নতুন নির্ঘণ্ট পাঠানোর পর তা চূড়ান্ত করেছে স্কুলশিক্ষা দফতর। এবার চূড়ান্ত অনুমোদনের জন্য দুই পরীক্ষার নির্ঘণ্ট নবান্নে পাঠানো হচ্ছে।

এদিন শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, “সেন্সাসের কাজের জন্য নতুন করে পরীক্ষার রুটিন তৈরি করার প্রয়োজন হয়েছে। তবে নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত নয়। প্রস্তাবটি রাজ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে এবং এই বিষয়ে অনুমোদনের জন্য প্রস্তাব রাখা হবে।”

এদিকে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচিতে দীর্ঘ সময় রাখা হয়েছে। ১৯ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এ প্রসঙ্গে শিক্ষা দফতরের দাবি, ওই সময়ের মধ্যে বেশ কয়েকটি জাতীয় স্তরের পরীক্ষা রয়েছে। পড়ুয়ারা যাতে পর্যাপ্ত সময় নিয়ে সেই পরীক্ষাগুলিতেও বসতে পারে, সেই কারণেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অতিরিক্ত সাত দিন সময় রাখা হয়েছে। তবে পরীক্ষার সময়সূচি পিছিয়ে গেলেও ফলপ্রকাশের ক্ষেত্রে বিশেষ কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।