Bengal Liberty : জন্মদিনের আগের রাতে কালীঘাটের বাড়ির বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় শুক্রবার তাঁকে গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছে। তবে থানায় হাজিরা দেওয়ার আগেই রাজনৈতিক আক্রমণে নামলেন অভিষেক। নিজের ফেসবুক পেজে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের পুলিশের বিরুদ্ধে করা পুরনো মন্তব্যের একটি ভিডিও সংকলন পোস্ট করে সরাসরি গেরুয়া শিবিরকে নিশানা করলেন তিনি। অতীতে রাজ্য পুলিশকে নিয়ে বিজেপি নেতারা কী ধরনের মন্তব্য করেছিলেন, তা মনে করিয়ে দিয়ে পাল্টা কটাক্ষও করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুক্রবার থানায় হাজিরা
ঘটনার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে ঘিরে। ওই দিন কালীঘাটের বাড়ির বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, পুলিশ আধিকারিকদের উদ্দেশে আগামী দিনে আইন ও বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। এই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তের স্বার্থেই শুক্রবার তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। নিজের ফেসবুক পোস্টেও বিষয়টি স্পষ্ট করেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, পুলিশ আধিকারিকদের আগামী দিনে আইন ও বিচারের মুখোমুখি হতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাঁকে গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছে।
বিজেপি নেতাদের পুরনো মন্তব্য নিয়ে ভিডিও পোস্ট
থানায় যাওয়ার ঠিক আগে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক। সেখানে গত কয়েক বছরে বাংলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সভা ও কর্মসূচি থেকে বিজেপি নেতাদের পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে করা একাধিক বিতর্কিত মন্তব্য তুলে ধরা হয়েছে। ভিডিওটির সঙ্গে অভিষেক লেখেন, থানায় যাওয়ার আগে তাঁর মনে হয়েছে, বিগত কয়েক বছরে বাংলার পুলিশ সম্পর্কে বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্য আরও একবার সামনে আনা প্রয়োজন।
আরও খবর
রাজ্য পুলিশকে নিয়ে বিজেপি নেতাদের অতীতের মন্তব্য সামনে এনে কার্যত দ্বিচারিতার অভিযোগ তুলেছেন অভিষেক। ফেসবুক পোস্টের শেষে কটাক্ষের সুর আরও স্পষ্ট করে তিনি লেখেন, “স্মৃতিশক্তি ঝালিয়ে নিতে ছোট্ট একটি ভিডিও সংকলন। দেখুন, পুরনো কথা মনে পড়ে কি না!” উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবারে পুলিশ ও বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন অভিষেক। শুক্রবার থানায় হাজিরার আগে তাঁর এই ভিডিও পোস্টকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।


