Bengal Liberty : বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তাঁর নিশানায় ভারতের বিদেশনীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দিয়ে রাহুলের দাবি, আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে ভারত। অন্যদিকে, আমেরিকা ও ইরানের মতো শক্তিধর দেশের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান।তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। রাহুলকে একহাত নিতে দেরি করেনি বিজেপিও। গেরুয়া শিবিরের তরফে তাঁকে ‘পাক ফ্যান বয়’ বলে কটাক্ষ করা হয়েছে।
শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী বলেন, ভূরাজনৈতিক বিষয়ে ভারতের বরাবরই যথেষ্ট ভালো বোঝাপড়া রয়েছে। বিশ্বের একাধিক দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে।সেই কারণে আন্তর্জাতিক আলোচনায় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।
কিন্তু বাস্তবে ভারত এখন কার্যত এক কোণে পড়ে রয়েছে। অন্যদিকে, পাকিস্তান আমেরিকা এবং ইরানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়েও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী প্রায়শই বিভিন্ন রাষ্ট্রনেতাকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের কোনও বিশেষ গুরুত্ব নেই। বরং দেশের স্বার্থ এবং কূটনৈতিক অবস্থানই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আরও খবর
অন্যদিকে, বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও সমাজমাধ্যমে রাহুলকে নিশানা করেছেন। তাঁর প্রশ্ন, পাকিস্তান নিয়ে রাহুল গান্ধীর এত আগ্রহ কেন? আন্তর্জাতিক মঞ্চে গেলেই কেন তাঁকে পাকিস্তানের সমর্থকের মতো আচরণ করতে দেখা যায়? পাশাপাশি ভারতের কূটনৈতিক সাফল্যগুলির কথাও তুলে ধরেছেন তিনি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে ভারতের শান্তি প্রচেষ্টা এবং ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেস নেতার মন্তব্যের বিরোধিতা করেছেন।
উল্লেখ্য, বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী। এর আগে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও পড়ুয়া এবং শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। তবে শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভারতের বিদেশনীতি নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মহল। বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে বিরোধী নেতার এই মন্তব্য আগামী দিনে জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


