পাকিস্তানকে টুকরো করার পরিকল্পনা শরিফ সরকারের! সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি!
পাকিস্তানকে টুকরো করার পরিকল্পনা শরিফ সরকারের! সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি!

পাকিস্তানকে টুকরো করার পরিকল্পনা শরিফ সরকারের! সিন্ধু ভাগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি!

Bengal Liberty : পাকিস্তানের রাজনৈতিক মহলে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবার দেশের প্রাদেশিক সীমানা পুনর্গঠন এবং নতুন প্রদেশ তৈরির প্রস্তাবকে কেন্দ্র করে কার্যত মুখোমুখি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার এবং পাকিস্তান পিপলস পার্টির (PPP) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে একাধিক নতুন প্রদেশ তৈরির পরিকল্পনা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর এই প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছেন বিলাওয়াল।

সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছেন। নতুন প্রদেশ তৈরির বিষয়ে গণভোটের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে মোট ১৪টি প্রদেশ তৈরির প্রস্তাব ঘিরে আলোচনা শুরু হয়েছে। আর এই পরিকল্পনাকে কেন্দ্র করেই নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে ইসলামাবাদের রাজনৈতিক মহলে।

বিশেষ করে সিন্ধু প্রদেশের ভবিষ্যৎ নিয়ে আপত্তি জানিয়েছেন বিলাওয়াল। তাঁর দল পাকিস্তান পিপলস পার্টি দীর্ঘদিন ধরেই সিন্ধুর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে এই প্রস্তাব ঘিরে দলের অবস্থানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গত ১৭ নভেম্বর করাচি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল স্পষ্ট জানিয়ে দেন, জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করার চেষ্টা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাঁর কথায়, জোর করে প্রদেশ ভাগ করা হলে সমাজের মধ্যে বিভাজন তৈরি হবে, বাড়বে শত্রুতা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষও অস্ত্র হাতে তুলে নিতে পারেন। করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাতের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

বিলাওয়ালের দাবি, নতুন প্রদেশ তৈরির বিষয়টি সম্পূর্ণভাবে সাংবিধানিক, গণতান্ত্রিক এবং আইনি পদ্ধতি মেনেই হওয়া উচিত। কোনওভাবেই জোর করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। এমনকী, এই বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কিংবা কেন্দ্রীয় মন্ত্রিসভা তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

সব মিলিয়ে, নতুন প্রদেশ তৈরির প্রস্তাবকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে উত্তেজনা। একদিকে শাহবাজ সরকারের প্রশাসনিক পুনর্গঠনের ভাবনা, অন্যদিকে সিন্ধু ভাগের বিরোধিতায় বিলাওয়ালের কড়া অবস্থান। আগামী দিনে এই সংঘাত পাকিস্তানের শাসক জোটের মধ্যে আরও বড় রাজনৈতিক সংকট তৈরি করে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।