জেলবন্দি ইমরান খান
‘বেঁচে ফিরতে পারব না’, জেলের মধ্যেই হৃদরোগের আশঙ্কায় ইমরান খান!

‘বেঁচে ফিরতে পারব না’, জেলের মধ্যেই হৃদরোগের আশঙ্কায় ইমরান খান!

Bengal Liberty : আল-আজিজিয়া দুর্নীতি মামলায় প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দি পাকিস্তানের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জেলের মধ্যেই প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। যত সময় যাচ্ছে, ততই গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন ইমরান। সর্বোচ্চ আদালতের তরফে ইমরান খানের সঠিক চিকিৎসার নির্দেশ দেওয়া হলেও, তা নিয়ে শাহবাজ শরিফের সরকারকে ক্রমাগত টালবাহানা করতে দেখা গিয়েছে। এরই মধ্যে পিতার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান-পুত্র কাসিম খান ও সুলেমান খান। এমন চূড়ান্ত টানাপোড়েনের পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের একটি চিঠি লিখেছেন ইমরান খান। সেখানেই তাঁর আক্ষেপ, জেলে তিনি যে অবস্থায় রয়েছেন, সেখান থেকে হয়তো আর বেঁচে ফেরা হবে না। ইমরানের এই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর আইনজীবী সলমন সাফদার।

খোলা চিঠিতে আদালতের উদ্দেশে বিবৃতি দিয়ে তিনি লিখেছেন,

“আমার বয়স এখন ৭৪ বছর। বর্তমানে আমি যে নির্মম পরিস্থিতির মধ্যে রয়েছি, সেখান থেকে আর বেঁচে ফিরব বলে মনে হয় না। আমি প্রাক্তন প্রধানমন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে এই চিঠি লিখিনি। আমি আমার জীবনটা পাকিস্তানের ক্রিকেট এবং সমাজকল্যাণের জন্য উজাড় করে দিয়েছি। একা একটা সেলে বন্দি রয়েছি, কারও মুখটাও দেখতে পাই না। দিনে ২২ ঘণ্টা একাই কাটাতে হচ্ছে।” ইমরানের আশা, এই চিঠির মাধ্যমে অনেক মানুষ তাঁর কথা জানতে পারবেন।

ইমরানের আরও দাবি, তিনি ডান চোখের দৃষ্টি প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। রক্তচাপ বেড়ে ১৯৩ পর্যন্ত পৌঁছে গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, এবার ইমরানের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হতে পারে, পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি ইতিমধ্যেই একাধিক হৃদ্‌রোগে ভুগছেন এবং বয়সের সঙ্গে সঙ্গে তাঁর অসুস্থতাও বাড়ছে। খোলা চিঠিতে কাপ্তানের আক্ষেপ, “আমি সারাজীবন চেষ্টা করেছি হাসপাতাল তৈরির জন্য, যেন সকলে বিনামূল্যে চিকিৎসা পান। আজ আমি আর্জি জানাচ্ছি, আমার এবং আমার স্ত্রীর যেন সঠিক চিকিৎসা হয়।” এদিকে, গারদে বসে ইমরানের এই করুণ আর্জির মধ্যেই প্রায় প্রতিনিয়ত তাঁর সমর্থক ও পাক সেনার মধ্যে খণ্ডযুদ্ধ চলছে। তারই মাঝে ইমরানের এই খোলা চিঠি কি পাকিস্তানের অন্দরে নতুন করে আবারও অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করবে?

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।