Bengal Liberty : ফুটবল মাঠে ফের একবার মহারণ। একদিকে ভারত, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। রাজনৈতিক টানাপোড়েনের বাইরে এবার ফুটবলের ময়দানে শ্রেষ্ঠত্বের লড়াই। আর সেই লড়াইয়ের মঞ্চ SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই দলের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলে ধরা।
SAFF চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম সফল দল ভারত। ইতিমধ্যেই ন’বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে ব্লু টাইগার্সরা। এবার সামনে দশম ট্রফি জয়ের হাতছানি। শুধু তাই নয়, টানা তৃতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ২০২১ এবং ২০২৩ সালের পর ২০২৬ সালেও ট্রফি ঘরে তুলতে পারলে নতুন ইতিহাস তৈরি করবে ভারতীয় ফুটবল দল। অন্যদিকে, পাকিস্তানের কাছে এই ফাইনাল একেবারেই আলাদা। প্রথমবারের জন্য SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ফলে প্রথমবারই ট্রফি জিতে নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখতে মরিয়া পাকিস্তান।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। সেই ম্যাচে ৩-২ গোলে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারত। ম্যাচে একসময় ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্সরা। সুহেল আহমেদ ভাটের জোড়া গোল এবং মাংলেনথাং কিপগেনের গোলে বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। যদিও ম্যাচের শেষ মুহূর্তে পরপর দুটি গোল করে ব্যবধান কমিয়েছিল পাকিস্তান।
আরও খবর
তবে গ্রুপ পর্বের সেই ম্যাচের সঙ্গে ফাইনালের লড়াইকে এক করে দেখতে নারাজ ভারতীয় শিবির। কারণ নকআউট পর্বে বেশ কয়েকজন বিদেশে খেলা ফুটবলার দলে যোগ দেওয়ায় অনেকটাই শক্তিশালী হয়েছে পাকিস্তান। ফলে এবার লড়াই যে সহজ হবে না, তা ভালোভাবেই জানে ভারতীয় দল।
সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ম্যাচের শুরুতেই নবম মিনিটে দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দেন পিভি বিষ্ণু। এরপর ২৭ মিনিটে অধিনায়ক চিংলেনসানা সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত। যদিও দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ভুটান। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত।
অন্যদিকে, সেমিফাইনালে আয়োজক বাংলাদেশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের গুরুত্বপূর্ণ গোলেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ঘরের মাঠে বাংলাদেশের সমর্থকদের সামনে এই জয় পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে একদিকে ভারতের দশম SAFF চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন, অন্যদিকে প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্যে পাকিস্তান। ইতিহাস, সম্মান এবং শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে মঙ্গলবার ফুটবলের ময়দানে।


