Bengal Liberty : রাজনৈতিক মহলে ফের শোকের ছায়া। প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী। পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের পৌরি গারোয়াল জেলার যমকেশ্বর ব্লকের অন্তর্গত পৈতৃক গ্রাম পঞ্চুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবিত্রী দেবী। বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে তাঁকে ঋষিকেশ এইমসে ভর্তি করিয়ে চিকিৎসাও করানো হয়েছিল।
কিন্তু আর শেষরক্ষা করা গেল না।চিরবিদায় নিলেন তিনি। এদিন সকালে পরিবার-পরিজনের উপস্থিতিতেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুখ্যমন্ত্রীর ভাই মহেন্দ্র সংবাদমাধ্যমকে তাঁর মায়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করেন। জানা গেছে, মায়ের প্রয়াণের সময় যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে তাঁর পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।
এই খবর ছড়িয়ে পড়তেই যোগী আদিত্যনাথের পরিবার, তাঁর জন্মভিটে পঞ্চুর গ্রাম এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গোরক্ষপুরে ৫০ হাজার পড়ুয়ার মধ্যে ট্যাবলেট বিতরণের একটি বড় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের মাঝেই মায়ের মৃত্যুসংবাদ তাঁর কাছে পৌঁছায়। তবে ব্যক্তিগত এই অপূরণীয় শোকের মুহূর্তেও তিনি নিজের প্রশাসনিক কর্তব্যে অবিচল থাকেন এবং অনুষ্ঠানটি সম্পন্ন করার পরই উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেন। শনিবার হরিদ্বারে গঙ্গাতীরে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে।


