Mumbai
যুগলের উপর ভয়াবহ হামলার অভিযোগ

ছবি তুলতে গিয়ে যুগলের উপর হামলা! লাঠি, লাথি, ঘুষি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় মুম্বই, আটক ৮

ঘটনাটি শুক্রবার, ২০ নভেম্বরের। কুরলার ফিনিক্স মলের কাছে একটি বাগানে ছবি তুলছিলেন ওই যুগল। অভিযোগ, সেই সময় ৮ থেকে ১০ জন কিশোর তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। যুগল প্রতিবাদ জানাতেই তাঁদের উপর হামলা চালায় ওই দল। স্থানীয় বাসিন্দারা মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠির মতো বস্তু দিয়ে যুগলকে মারধর করছে একদল কিশোর। পুরুষ সঙ্গীকে লাথি ও ঘুষি মারতেও দেখা গিয়েছে। হামলাকারীদের হাত থেকে বাঁচতে সিঁড়ি দিয়ে নেমে পালানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু অভিযুক্তরাও তাঁদের পিছু ধাওয়া করে।

যুগলের অভিযোগের ভিত্তিতে আট নাবালককে আটক করেছে পুলিশ। দায়ের হয়েছে মামলা। পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে জানিয়েছেন, অভিযুক্তদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হবে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২), ১৮৯(৪), ১১৮(১), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের হয়েছে। বেআইনি জমায়েত, অস্ত্র বা বিপজ্জনক বস্তু নিয়ে হামলা, স্বেচ্ছায় আঘাত করা, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ইতিমধ্যেই। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া ভিডিওতে থাকা যুগলকে হিন্দু বলে দাবি করেছেন। পাশাপাশি অভিযুক্তদের ‘মুসলিম উগ্রপন্থী’ বলে আক্রমণ করেছেন তিনি। শনিবার, ২১ নভেম্বর এক্স হ্যান্ডলে মারাঠি ভাষায় করা পোস্টে সোমাইয়া লেখেন, ঘাটকোপরে ফিনিক্স মলের কাছে মুসলিম উগ্রপন্থীদের হামলার শিকার হয়েছেন তরুণ হিন্দু যুগল। এফআইআর দায়েরের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, পাঁচ অভিযুক্তের অভিভাবককে ইতিমধ্যে নোটিস পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৪টেয় ঘটনাস্থলে যাওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গোষ্ঠীর নেতা ইন্তেখাব ফারুকীও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

এদিকে, ঘটনার প্রতিবাদে পার্কে পৌঁছন বজরং দলের কর্মীরা। পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পার্ক খোলা রাখার প্রয়োজনীয়তা কী, তা নিয়েও সরব হন বিক্ষোভকারীরা। পার্কটির পরিচালনার দায়িত্বে রয়েছে বৃহন্মুম্বই পুরসভা, বিএমসি। আগামী কয়েক দিনের মধ্যে পুরসভা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান না করলে নিজেরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বজরং দলের সদস্যরা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।