Bengal Liberty : ত্বক ফর্সা করার আশায় অনলাইন থেকে কেনা ক্রিম ব্যবহার করে ভয়াবহ বিপদের মুখে ১৭ বছরের এক কিশোরী। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচারে বিশ্বাস করে ওই ক্রিম কিনেছিল সে। কিন্তু ব্রণ, কালো দাগ ও পিগমেন্টেশন দূর করার বদলে ক্রিমটি তার শরীরে বিষ ঢুকিয়েছে বলে অভিযোগ। চিকিৎসকদের দাবি, ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ থাকায় কিশোরী গুরুতর কিডনির রোগে আক্রান্ত হয়েছে। কেরলের মালাপ্পুরমের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা শনিবার এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।
ইনস্টাগ্রামের প্রচার দেখে ক্রিম কিনে এক বছর ধরে ব্যবহার
কিশোরীর বক্তব্য অনুযায়ী, ইনস্টাগ্রামে কয়েকজন ইনফ্লুয়েন্সারের প্রচারমূলক ভিডিও দেখে ক্রিমটি কেনার সিদ্ধান্ত নেয় সে। ওই ভিডিওগুলিতে দাবি করা হয়েছিল, ক্রিম ব্যবহারে ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর হবে। এরপর ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ক্রিম অর্ডার দেয়। প্রথম দিকে ব্যবহারে ভালো ফল পাওয়ায় পরবর্তী এক বছর ধরে একাধিক বোতল কেনে সে। কিন্তু কিছুদিন পর থেকেই শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। হঠাৎ রক্তচাপ কমে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পা ফুলে যায়। হাঁটাচলা এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও অসুবিধা হতে থাকে। শেষ পর্যন্ত চিকিৎসার জন্য মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে যায় কিশোরী।
ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ
হাসপাতালের নেফ্রোলজিস্ট চিকিৎসক এস গৌরী জানিয়েছেন, বিস্তারিত পরীক্ষায় কিশোরীর রক্ত ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি মিলেছে। তাঁর দাবি, ক্রিমের নমুনা পরীক্ষা করে প্রতি মিলিয়নে ১২,৫০০ পার্টস পারদ পাওয়া গিয়েছে। অথচ অনুমোদিত মাত্রা এক পিপিএমেরও কম। চিকিৎসকের কথায়, পারদ কিডনির রক্ত পরিশোধনকারী সূক্ষ্ম অংশগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিশোরী বর্তমানে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে গুরুতর কিডনির রোগে আক্রান্ত। দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। চিকিৎসকদের দাবি, পারদযুক্ত ক্রিম ব্যবহারের সঙ্গে এই অসুস্থতার সরাসরি যোগ রয়েছে।
আরও খবর
এদিকে, কিশোরীর অভিযোগ, শারীরিক সমস্যার কথা সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হলেও কোনও সদর্থক উত্তর মেলেনি। প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দেওয়া হয়েছিল। পরে তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেয় সংস্থাটি। এবার ওই সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কিশোরীর পরিবার। আইনি প্রক্রিয়ার কথা মাথায় রেখে আপাতত ক্রিমটির নাম প্রকাশ্যে আনেনি তারা। এই ঘটনার পর চিকিৎসকদের সতর্কবার্তা, ত্বক ফর্সা করা বা দ্রুত দাগ দূর করার প্রতিশ্রুতিতে অনলাইন প্রসাধনী কেনা বিপজ্জনক হতে পারে। ত্বকের কোনও সমস্যা হলে বিজ্ঞাপন দেখে পণ্য ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই উচিত।


