The Rock
The Rock

WWE-তে ফিরছেন ‘দ্য ফাইনাল বস’! সারভাইভার সিরিজে রককে দেখার অপেক্ষায় রেসলিংপ্রেমীরা

Bengal Liberty : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে WWE-তে ফিরতে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা প্রফেশনাল রেসলিংয়ের অন্যতম বড় সুপারস্টার ডোয়েন ‘দ্য রক’ জনসন। WWE ইউনিভার্সের জন্য এবার বড়সড় চমক। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে WWE-র অন্যতম বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট Survivor Series: WarGames। আর সেই মঞ্চেই নিজের উপস্থিতির কথা ঘোষণা করলেন ‘দ্য পিপলস চ্যাম্পিয়ন’।

সম্প্রতি প্যাট ম্যাকাফির শো-তে উপস্থিত হয়ে নিজের WWE-তে ফেরার খবর প্রকাশ্যে আনেন রক। তিনি জানান, আগামী সপ্তাহে হিউস্টনে অনুষ্ঠিত হতে চলা সারভাইভার সিরিজে উপস্থিত থাকবেন তিনি। এমনকি নিজের আগামী ছবি ‘Jumanji’-র প্রচার সফরের সময়সূচিও পরিবর্তন করেছেন এই হলিউড তারকা, যাতে WWE-র এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে কোনও সমস্যা না হয়। রকের কথায়, ‘দ্য পিপলস চ্যাম্পিয়ন ঘরে ফিরছে। সারভাইভার সিরিজে সকলের সঙ্গে দেখা হবে।’

উল্লেখ্য, এবারের সারভাইভার সিরিজ রকের কাছে অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ, ১৯৯৬ সালের Survivor Series-এর মঞ্চেই ‘রকি মাইভিয়া’ হিসেবে WWE-তে অভিষেক হয়েছিল তাঁর। দেখতে দেখতে সেই ঐতিহাসিক মুহূর্তের ৩০ বছর পূর্ণ হতে চলেছে। WWE-ও ইতিমধ্যেই রকের কেরিয়ারের এই বিশেষ মাইলফলক উদযাপন করতে শুরু করেছে

অন্যদিকে, শেষবার ২০২৫ সালের Elimination Chamber ইভেন্টে WWE-র পর্দায় দেখা গিয়েছিল দ্য রককে। এরপর দীর্ঘ সময় ধরে WWE থেকে দূরেই ছিলেন তিনি। ফলে তাঁর প্রত্যাবর্তনের খবরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। বিশেষ করে এবারের পুরুষদের WarGames ম্যাচে The Bloodline-এর মুখোমুখি হতে চলেছে The 946। ফলে রকের প্রত্যাবর্তন এই লড়াইয়ে কোনও নতুন সমীকরণ তৈরি করে কি না, সেদিকেই নজর থাকবে WWE ইউনিভার্সের।

তবে একটি বিষয় স্পষ্ট, সারভাইভার সিরিজে রকের উপস্থিতি নিশ্চিত হলেও তিনি রিংয়ে নামবেন কি না, সেই বিষয়ে এখনও WWE-র তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে শুধুমাত্র উপস্থিতি নাকি আরও বড় কোনও চমক, তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে ২৮ নভেম্বর পর্যন্ত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।