Bengal Liberty : শনিবার সৌদি আরবের রিয়াধের ANB Arena-তে অনুষ্ঠিত হয়ে গেল WWE-র অন্যতম বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট ক্রাউন জুয়েল ২০২৬। একাধিক হাইভোল্টেজ ম্যাচ, চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়নের লড়াই এবং শেষ মুহূর্তের বিরাট চমক সব মিলিয়ে দর্শকদের জন্য একেবারে জমজমাট হয়ে উঠেছিল এবারের ক্রাউন জুয়েল। কোথাও রোমান রেইন্সের আধিপত্য, কোথাও কোডি রোডসের লড়াকু মানসিকতা, আবার কোথাও টিফানি স্ট্র্যাটনের বিশ্বাসঘাতকতা। সব মিলিয়ে WWE ইউনিভার্সের কাছে স্মরণীয় হয়ে থাকল এই রাত।
কোডি রোডস বনাম র্যান্ডি অরটনের অন্তিম লড়াই
শোয়ের অন্যতম আকর্ষণ ছিল কোডি রোডস বনাম র্যান্ডি অরটনের লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ। শুরু থেকেই দুই সুপারস্টারের মধ্যে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। টেবিল, মই এবং কেন্ডো স্টিকের ব্যবহার ম্যাচকে আরও ভয়ংকর করে তোলে।

একাধিকবার র্যান্ডি অরটনের RKO-র সামনে বিপাকে পড়েন কোডি। অন্যদিকে কোডিও একের পর এক ক্রস রোডস দিয়ে অরটনকে কাবু করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত র্যান্ডি অরটনকে বিধ্বংসী পন্ট কিক মেরে ১০ কাউন্টের মধ্যে উঠতে না দেওয়ায় ম্যাচ জিতে নেন কোডি রোডস।
আরও খবর
নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন পেন্টা ও জেভন ইভান্স
এরপর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দ্য ভিশনের ব্রন ব্রেকার ও অস্টিন থিওরি এবং পেন্টা ও জেভন ইভান্স। ম্যাচে একাধিকবার পেন্টা ও জেভনকে বিপাকে ফেলে দ্য ভিশন। তবে ম্যাচের মাঝেই ওবা ফেমির আগমন পরিস্থিতি বদলে দেয়। ব্রনসন রিডকে মঞ্চ থেকে ছুড়ে টেবিলের উপর ফেলে দেন তিনি। এরপর সুযোগ কাজে লাগিয়ে অস্টিন থিওরিকে OG Cutter মেরে ম্যাচ জিতে নেন জেভন ইভান্স। নতুন ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হলেন পেন্টা ও জেভন ইভান্স।
লিভ মরগ্যানকে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি গ্রিন, তারপরই বিরাট চমক
মহিলা বিভাগের ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন লিভ মরগ্যান ও চেলসি গ্রিন। দুই সুপারস্টারের মধ্যে বেশ কিছু দুর্দান্ত মুভ দেখা যায়। একদিকে লিভের Oblivion, অন্যদিকে চেলসির Unprettier—ম্যাচে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত লিভের Oblivion আটকিয়ে রোল-আপের মাধ্যমে জয় ছিনিয়ে নেন চেলসি গ্রিন। নতুন উইমেন্স ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হন তিনি।

কিন্তু চেলসির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের পরই নিজের মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস নিয়ে হাজির হন টিফানি স্ট্র্যাটন। চেলসির পাশে দাঁড়ানোর পরিবর্তে তাঁকেই আক্রমণ করেন টিফানি। এরপর নিজের মানি ইন দ্য ব্যাঙ্ক কন্ট্রাক্ট ক্যাশ ইন করে Prettiest Moonsault Ever মুভের সাহায্য চেলসিকে হারিয়ে নতুন WWE উইমেন্স চ্যাম্পিয়ন হয়ে যান টিফানি স্ট্র্যাটন। রাতের অন্যতম বড় চমক ছিল এই ঘটনা!
সামিকে হারিয়ে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন রোমান রেইন্স
শোয়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্স বনাম আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন সামি জেইনের লড়াই। মেনস ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য দুই মহাতারকার এই লড়াই ঘিরে দর্শকদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা।
ম্যাচে সামি জেইন একাধিকবার রোমানকে হারানোর কাছাকাছি পৌঁছে যান। Blue Thunder Bomb এবং পরপর Helluva Kick মেরে রোমানকে কার্যত বিপাকে ফেলে দেন তিনি। তবে শেষ পর্যন্ত রোমানের শক্তির সামনে হার মানতে হয় সামিকে। একের পর এক Spear মেরে ম্যাচ নিজের নামে করে নেন OTC। নতুন মেনস ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হন রোমান রেইন্স।
তবে ম্যাচের শেষে দেখা যায় অন্য ছবি। ম্যাচ জয়ের পর সামির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন রোমান। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই একে অপরকে আলিঙ্গন করেন। পুরনো সম্পর্কের এক সুন্দর মুহূর্তের সাক্ষী থাকেন WWE ইউনিভার্স।
রোমান রেইন্সের জয়, কোডি রোডসের লড়াকু পারফরম্যান্স, পেন্টা ও জেভনের নতুন চ্যাম্পিয়ন হওয়া এবং টিফানি স্ট্র্যাটনের চমকপ্রদ ক্যাশ ইন—সব মিলিয়ে এবারের ক্রাউন জুয়েল ছিল বেশ আকর্ষণীয়। বিশেষ করে টিফানির বিশ্বাসঘাতকতা এবং রোমান-সামির ম্যাচ দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে। তবে আগামী দিনে এই ঘটনাগুলি প্রভাব কতটা পড়ে, এখন সেটাই দেখার।


