CM Punk And Cody Rhodes
CM Punk And Cody Rhodes

Survivor Series-এর আগে উত্তেজনার পারদ চড়ল! স্ম্যাকডাউনে জেড কারগিলের বড় জয়, গুন্থারকে হারালেন কেভিন ওয়েন্স!

Bengal Liberty : WWE Survivor Series: WarGames-এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে আরও জমে উঠল WWE-এর ব্লু ব্র্যান্ড অর্থাৎ Friday Night SmackDown। একাধিক হাই-ভোল্টেজ ম্যাচ, রোমাঞ্চকর লড়াই এবং বড়সড় চমকের সাক্ষী থাকল এবারের স্ম্যাকডাউন। অন্যদিকে, শোয়ের শেষ মুহূর্তে কেভিন ওয়েন্স ও সামি জায়েনের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। পাশাপাশি ওয়ারগেমসের আগে নিজেদের দলের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা আদায় করে নিলেন জেড কারগিল।

এদিনের অন্যতম আকর্ষণ ছিল জেড কারগিল বনাম শার্লট ফ্লেয়ারের WarGames Advantage Match। দুই তারকার মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। শার্লট একাধিকবার ম্যাচ শেষ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বুদ্ধির জোরে বাজিমাত করেন জেড। প্রতিপক্ষকে উন্মুক্ত টার্নবাকলে আছড়ে ফেলে পিনফলের মাধ্যমে জয় তুলে নেন তিনি। এর ফলে Survivor Series-এর Women’s WarGames ম্যাচে নিজেদের দলের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করলেন জেড কারগিল।

অন্যদিকে, স্ম্যাকডাউনে টিম USA-র পঞ্চম সদস্য নির্বাচন ঘিরেও ছিল একাধিক চমক। কোডি রোডস এবং সিএম পাঙ্কের তরফে প্রথমে WWE হল অফ ফেমার Hacksaw Jim Duggan-কে দলের পঞ্চম সদস্য হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন ট্রিক উইলিয়ামস সেই জায়গা নেন।

তবে ড্যামিয়ান প্রিস্টের বিরুদ্ধে নন-টাইটেল ম্যাচে বড়সড় বিপদের মুখে পড়েন ট্রিক। ম্যাচ চলাকালীন প্রিস্ট রিং বেল দিয়ে ট্রিকের হাঁটুতে আঘাত করেন। এরপরেও তাঁর উপর আক্রমণ চালিয়ে যান প্রিস্ট। ফলে Survivor Series-এর আগে টিম USA-র কাছে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল ট্রিকের চোট।

এদিনের মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন কেভিন ওয়েন্স এবং গুন্থার। ম্যাচের আগে থেকেই দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গিয়েছিল। রিংয়ে নেমেও একে অপরকে বিন্দুমাত্র জমি ছাড়তে রাজি ছিলেন না কেউই। তবে ম্যাচের শেষ মুহূর্তে একাধিক নাটকীয় ঘটনা ঘটে। জনি গারগানো এবং ক্যান্ডিস লেরে ম্যাচে হস্তক্ষেপের চেষ্টা করেন। এরপর ফিন বালর গুন্থারকে লো ব্লো মারলে সেই সুযোগ কাজে লাগিয়ে স্টানার দিয়ে জয় নিশ্চিত করেন কেভিন ওয়েন্স।

সবমিলিয়ে Survivor Series: WarGames-এর আগে এবারের স্ম্যাকডাউন ছিল যথেষ্ট আকর্ষণীয়। একদিকে জেড কারগিলের জয়, অন্যদিকে ট্রিক উইলিয়ামসের চোট এবং কেভিন ওয়েন্স-সামি জায়েনের নতুন করে শুরু হওয়া দ্বন্দ্ব আগামী Survivor Series-এর উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এবার দেখার বিষয়, আগামী সপ্তাহে WarGames-এর মঞ্চে কোন দল শেষ হাসি হাসে!

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।