Bengal Liberty : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে নভেম্বরেও বর্ষার চেহারা নিয়েছে বাংলার আবহাওয়া। দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির পাশাপাশি রয়েছে ঠান্ডার আমেজও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপ। বর্তমানে সেটি ওড়িশার উপর অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। ফলে প্রশ্ন উঠছে, কবে কাটবে বৃষ্টির দুর্ভোগ? কবে ফিরবে স্বাভাবিক আবহাওয়া?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই সঙ্গে মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনায় মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহান্তে শহরবাসীকে ভোগান্তিতে পড়তে হতে পারে। তবে স্বস্তির ইঙ্গিতও দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। ধীরে ধীরে উন্নতি হতে পারে আবহাওয়ার।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনায় মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। তাই এই জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। অর্থাৎ, শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির আশঙ্কা নেই। নিম্নচাপ ক্রমশ দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে আগামী দিনে রাজ্যের আবহাওয়ারও উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


