Narendra Modi
খড়গপুরে দাঁড়িয়ে বামেদের তুলোধোনা মোদির

‘লাল ঝান্ডা দেখিয়ে তাড়ানো হয়েছিল সংস্থাকে’, খড়গপুরে দাঁড়িয়ে বামেদের তুলোধোনা মোদির

শনিবার খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও ভবিষ্যৎ শিল্পায়নের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, গত ৭৫ বছরে ভারত অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে। গরুর গাড়ির যুগ পেরিয়ে দেশ এখন বুলেট ট্রেনের যুগে পৌঁছেছে। আগামী দিনে চিপ থেকে শিপ, অর্থাৎ জাহাজ—সবকিছুই ভারতে তৈরি হবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে খড়গপুর আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

এর পরেই বাংলার শিল্পায়নের প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ করেন মোদি। তাঁর দাবি, প্রায় পাঁচ দশক আগে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য একটি সংস্থা ভারতে এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে সেই সংস্থাকে তাড়িয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য, সেই সময় সংস্থাটিকে কাজ করার সুযোগ দেওয়া হলে ভারত ৫০ বছর আগেই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে সক্ষম হয়ে উঠতে পারত।

এদিন কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, পাঁচ দশক আগে লালকেল্লা থেকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু সেই লক্ষ্যে নেওয়া সিদ্ধান্তগুলির অধিকাংশই ফাইলবন্দি হয়ে পড়ে থেকেছে। বিরোধীদের নাম না করেই মোদি বলেন, একসময় ধারণা ছিল, দারিদ্র্য দূর করা সম্ভব নয়। কেউ সেই পরিস্থিতি বদলানোর সাহস দেখাননি। কিন্তু ক্ষমতায় আসার পর তাঁর সরকার দরিদ্র মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ শুরু করে। এই প্রসঙ্গে গত ১২ বছরে দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসার দাবি করেন প্রধানমন্ত্রী। মা-বোনেদের জন্য শৌচাগার নির্মাণ এবং উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার একাধিক পদক্ষেপ করেছে।

পাশাপাশি খড়গপুর আইআইটির পড়ুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মোদি। তাঁর কথায়, ‘ব্রেক দ্য লিমিট’-নিজেদের চিন্তাভাবনাকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা যাবে না। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না পারলে আমার শান্তি নেই।”

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।