Bengal Liberty : মাছের পেটির আড়ালে চলছিল কোটি কোটি টাকার মাদক পাচারের কারবার। কয়েক দিন আগে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছিল পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী। তবে সেই সময় পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল এই মাদক পাচার চক্রের অন্যতম অভিযুক্ত আব্দুল মোমেন গাজী। অবশেষে দীর্ঘ তল্লাশির পর তাকে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। গতকাল গভীর রাতে হাসনাবাদেরই একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই গ্রেফতারির পর মাদক পাচার চক্রের শিকড় খুঁজতে তদন্তে আরও তৎপর হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে হাসনাবাদ থানা এলাকার বকুলতলায় একটি গোডাউনে অভিযান চালায় হাসনাবাদ থানার পুলিশ এবং বিএসএফ। গভীর রাতে শুরু হওয়া এই যৌথ অভিযান চলে প্রায় ১০ ঘণ্টা ধরে। গোডাউনে তল্লাশি চালিয়ে মাছের পেটির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মাদক কয়েকটি ট্রাক ভর্তি ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, বাজেয়াপ্ত করা ফেনসিডিলের বাজারমূল্য কয়েক কোটি টাকা।
তল্লাশির সময় তদন্তকারীদের হাতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে। পুলিশ জানতে পারে, শুধু ফেনসিডিল নয়, ওই গোডাউনকে কেন্দ্র করে হেরোইন ও গাঁজার মতো অন্যান্য মাদকও পাচার করা হত। এই মাদক কারবারের আর্থিক লেনদেনের পরিমাণও কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত আব্দুল মোমেন গাজীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে।
আরও খবর
এরপর থেকেই অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে হাসনাবাদ থানার পুলিশ। তার সম্ভাব্য আস্তানা এবং যোগাযোগের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অবশেষে গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদেরই একটি গোপন ডেরায় হানা দেন তদন্তকারীরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় আব্দুল মোমেন গাজীকে।
আজ ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের অনুমান, তাকে জিজ্ঞাসাবাদ করলে এই মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। কীভাবে মাছের পেটির আড়ালে মাদক পাচার করা হত, কোথা থেকে আসত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক এবং কোথায় পাঠানো হত সেই চালান, তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এই কারবারের পিছনে কোনও বড় চক্র বা আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুল মোমেন গাজীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক পাচার চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করে তাদের নাগাল পাওয়াই এখন তদন্তকারীদের অন্যতম লক্ষ্য। এই গ্রেফতারির ফলে হাসনাবাদের মাদক পাচার চক্রের আরও বড় কোনও পর্দাফাঁস হয় কি না, সেদিকেই নজর রয়েছে।


