Bengal Liberty : ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করের বদলি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল রাজ্যে। শুক্রবার তাঁকে পূর্ব মেদিনীপুরে বদলি করা হয়েছে। এই সিদ্ধান্তের পরেই সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় কি শাস্তি হিসেবে আইসিকে সরানো হল? অভিষেকের সেই পোস্টের পাল্টা এবার সরব হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অতীতে ডায়মন্ড হারবারে অভিষেকের কনভয়ের জন্য পুলিশ মোতায়েন এবং সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ তুলে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।
আইসি বদলি কী অভিযোগ অভিষেকের?
ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করকে নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। তৃণমূলের কার্যালয় থেকে কোটি টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ ওই ঘটনাকে সাজানো বলে দাবি করে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনও তাঁকে নোটিস পাঠিয়েছে। কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলাতেও উঠে এসেছে তাঁর নাম।এর মধ্যেই শুক্রবার প্রসেনজিৎ করের বদলির নির্দেশ সামনে আসে। তাঁকে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সরব হন অভিষেক। তাঁর প্রশ্ন, কোনও ষড়যন্ত্র ফাঁস হওয়ার আশঙ্কা থেকেই কি এই তড়িঘড়ি বদলি? অভিষেক লেখেন, “মিথ্যা প্রমাণ সাজিয়ে এক জন নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই কি শাস্তি হিসেবে এই তড়িঘড়ি বদলি?”
পাশাপাশি পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, রাজনৈতিক নির্দেশে নয়, আইন ও সার্ভিস রুলস মেনেই যেন তাঁরা দায়িত্ব পালন করেন। নিজের চাকরি, সম্মান ও ভবিষ্যৎ বিপন্ন হতে পারে, এমন কোনও কাজে না জড়ানোর পরামর্শও দেন তিনি।
আরও খবর
‘নিজের বেলায় আঁটিসাঁটি’, অভিষেককে নিশানা ববির
অভিষেকের এই বক্তব্যের পরেই পাল্টা আক্রমণ করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর কটাক্ষ, একজন পুলিশ আধিকারিকের বদলি হতেই অভিষেকের এত উদ্বেগ ও প্রশ্ন কেন? অতীতে ডায়মন্ড হারবারে অভিষেকের কনভয় ঘিরে পুলিশের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৪০টি গাড়ির কনভয় নিয়ে অভিষেক এলাকায় গেলে প্রায় ৩ হাজার পুলিশকর্মীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হত। চার-পাঁচ ঘণ্টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকত বলেও অভিযোগ করেন তিনি। সেই সময় পুলিশকর্মীদের দুর্ভোগ কিংবা সাধারণ মানুষের হয়রানি নিয়ে অভিষেকের উদ্বেগ কোথায় ছিল, সেই প্রশ্নও তোলেন ববি।
এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। তাঁর অভিযোগ, অভিষেকের আমলে পুলিশকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবহার করার অভিযোগ উঠেছিল। বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা, অত্যাচারের অভিযোগ নিয়েও সরব হন তিনি। অভিষেকের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করেন ববি। তাঁর দাবি, সাড়ে ছয় মাস ধরে নিজের লোকসভা কেন্দ্রেই স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন না অভিষেক। অথচ একজন আইসির বদলি নিয়েই এত প্রশ্ন তুলছেন তিনি। ববি আরও বলেন, “পুলিশ কোনও রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, কোনও রাজনৈতিক পরিবারের চাকরও নয়। পুলিশ চলবে সংবিধান ও আইনের নির্দেশে, কোনও নেতার ইশারায় নয়।”
নিজের বক্তব্যের শেষে অভিষেককে খোঁচা দিয়ে বিজেপি নেতা লেখেন, “নিজের বেলায় আঁটিসাঁটি, পরের বেলায় দাঁতকপাটি! সময় বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু মানুষের স্মৃতি এত সহজে মুছে যায় না। খেলা চলবে। Wait and watch!”


