Bengal Liberty : পালাবদলের পর ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরে পৌঁছন তিনি। আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হেলিকপ্টারে করে খড়গপুরে পৌঁছনোর কথা ছিল তাঁর, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বদলাতে হয় যাত্রাপথ। তবে তাতেও সফরের নির্ধারিত সময়ে কোনও প্রভাব পড়েনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
আবহাওয়ার কারণে বদল যাত্রাপথ
শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সেখান থেকে হেলিকপ্টারে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে পৌঁছনোর পরিকল্পনা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরিবর্তে সড়কপথে আইআইটি ক্যাম্পাসে পৌঁছন প্রধানমন্ত্রী। আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমে আইআইটি চত্বর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। ক্যাম্পাস পরিদর্শনের সময় তাঁর সঙ্গে থাকার কথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদের।
এরপর শুরু হবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠান। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা জানাবেন। এরপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, এই আইআইটি খড়গপুরেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স।


