PM Narendra Modi
আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘ব্রেক দ্য লিমিট’ মন্ত্রে তরুণ প্রজন্মকে মোদির বার্তা, বিবেকানন্দের বাণীতে বিকশিত ভারতের স্বপ্ন

নিজের ক্ষমতা ও চিন্তাভাবনাকে ছোট করে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, অনেকেই নিজেদের সামর্থ্যকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখেন। ফলে নতুন কিছু করার সাহস হারিয়ে ফেলেন তাঁরা। এই মানসিকতার পরিবর্তন জরুরি। চ্যালেঞ্জকে এড়িয়ে না গিয়ে তার মোকাবিলা করতে হবে। মোদি বলেন, “আমি চ্যালেঞ্জকে পালটা চ্যালেঞ্জ না জানিয়ে থামি না। অনেক মানুষের মধ্যে নিজের সামনে আসা চ্যালেঞ্জকে থামিয়ে দেওয়ার প্রবণতা থাকে। নিজের ক্ষমতাকে একটা সীমায় বেঁধে দেন তাঁরা। একে ‘লিমিট ইন বিলিভ’ বলে। যে নিজের চিন্তাভাবনাকে বেঁধে ফেলে, সে এগোতে পারে না। কিন্তু ভারত বিগত বছরগুলিতে নিজের সীমাবদ্ধতা ভেঙেছে।”

প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের উন্নতির জন্যও এই মানসিকতা জরুরি। প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সন্ধান করতে হবে। পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে কাজ করতে হবে। তবেই দেশ আরও এগিয়ে যাবে।

আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এদিন স্বামী বিবেকানন্দের আদর্শের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, জীবনে সাফল্য পেতে হলে লক্ষ্য স্থির রাখতে হবে। বাধা এলেও থেমে গেলে চলবে না। বিবেকানন্দের বাণীকে জীবনের মূলমন্ত্র করার পরামর্শ দেন তিনি। মোদি বলেন, “স্বামী বিবেকানন্দের এই বাণীকে নিজেদের জীবনের মূলমন্ত্র বানাতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছবে।’ স্বামীজির এই বাণীই আমাদের জীবনের মূলমন্ত্র হওয়া উচিত। তবেই আমরা বিকশিত ভারত গড়ে তুলতে পারব।”

পড়ুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, শুধু ব্যক্তিগত সাফল্যের কথা ভাবলে চলবে না। দেশের প্রয়োজন এবং সাধারণ মানুষের সমস্যার কথাও ভাবতে হবে। নিজেদের জ্ঞান ও দক্ষতাকে দেশের কাজে লাগাতে হবে।

২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পড়ুয়াদের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আগামী দুই দশক এই পড়ুয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ যখন কোনও সমস্যার মুখোমুখি হবে, তখন তার সমাধানে এগিয়ে আসতে হবে তাঁদেরই। এজন্য পড়ুয়াদের মধ্যে দেশকে সবার আগে রাখার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

মোদি বলেন, “বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে খড়গপুর আইআইটি এক গুরুত্বপূর্ণ অংশ। এই আইআইটি একসময় স্বাধীনতা সংগ্রামীদের ডিটেনশন ক্যাম্প ছিল। স্বাধীনতা সংগ্রামীরা একসময় ভাবতেন, ভারত নিজেদের চেষ্টায় সফল হবে। বিশ্বের সেরা হবে। সেই মাটিতেই খড়গপুর আইআইটি গড়ে উঠেছে। তাঁদের সেই ভাবনাগুলি আপনাদের অনুপ্রেরণা জোগায়। আজ এই আইআইটি দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের শক্তি।”

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আইআইটি খড়গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে ‘ভয়েসেস ফর বিকশিত ভারত’ কর্মসূচিতে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। প্রযুক্তির ক্ষেত্রে দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় দেড় ঘণ্টার এই কর্মসূচিতে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি স্মারক মুদ্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।