Bengal Liberty : বারাণসীতে হাতেনাতে ধরা পড়ল আন্তঃরাজ্য পাখি পাচারকারী একটি চক্র। উদ্ধার হল ৬৪০টি জীবন্ত পাখি। উত্তরপ্রদেশ বন বিভাগ ও এসটিএফ যৌথ অভিযান চালায় বারাণসীর গোলগড্ডা এলাকায়। সেই সময় একটি পিকআপ ভ্যান থেকে ৬৪০টি জীবন্ত সংরক্ষিত তোতা পাখি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উদ্ধার হওয়া পাখি গুলোর মধ্যে ৬০টি আলেকজানড্রাইন প্যারাকিট ও ৫৯০টি অন্যান্য তোতা রয়েছে।
পাশাপাশি পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বিহারের পটনার বাসিন্দা মহম্মদ সামিম, মহম্মদ নাসির ও আফতাবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মির্জাপুর ও চন্দৌলির জঙ্গল থেকে শিকারিদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে বিভিন্ন শহরে পাচার করা হচ্ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তাদের পাচার কাজ বানচাল করে দেয় বন বিভাগ। ১৯ নভেম্বর রাতে বারাণসীর গোলগড্ডা ক্রসিংয়ের কাছে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। সাতটি লোহার খাঁচা ও দুটি ব্যাগে রাখা ছিল পাখিগুলো। এর পর উদ্ধার করা হয় পাখিগুলোকে।


