রাজস্থানে পঞ্চায়েত ভোটে ধরাশায়ী পদ্মশিবির! বিরাট জয় কংগ্রেসের
রাজস্থানে পঞ্চায়েত ভোটে ধরাশায়ী পদ্মশিবির! বিরাট জয় কংগ্রেসের

রাজস্থানে পঞ্চায়েত ভোটে ধরাশায়ী পদ্মশিবির! বিরাট জয় কংগ্রেসের

Bengal Liberty : রাজস্থানে পঞ্চায়েত ভোটে একেবারে মুখ থুবড়ে পড়ল বিজেপি। অন্যদিকে, বিরাট জয় পেল কংগ্রেস। রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এই সাফল্য ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা। এই ফলাফলকে মানুষের আস্থা ও ভরসার প্রতিফলন বলে দাবি তাঁদের। আগামী দিনে মানুষের বিশ্বাসের মর্যাদা রাখার কথাও শোনা গেল সচিন পাইলটের গলায়। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেসের দখলে ২৭টি। আর বিজেপি মাত্র ৬টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

পাশাপাশি রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টি আসন জিতেছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে মাত্র ৭৩টি। অন্যদিকে, নির্দল ও অন্যান্যরা পেয়েছে ৬০টি। মাত্র দেড় মাসের মধ্যে রাজ্য রাজনীতির এই রূপ বদল শাসক বিজেপিকে যেমন হতাশ করেছে, তেমনই উৎফুল্ল করে তুলেছে কংগ্রেসকে। সেপ্টেম্বর মাসে রাজস্থানের শহরাঞ্চলের পুরসভা ভোটে শাসক দল বিজেপি তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছিল। দেড় মাসের মধ্যে গ্রামাঞ্চল দখল করে কংগ্রেস চাপে রাখল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও তাঁর দলকে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক পাইলট সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে দলের এই জয় নেতৃত্ব ও কর্মীদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ যে বিশ্বাস ও ভরসা কংগ্রেসের উপর রেখেছেন, আগামী দিনে সেই আস্থা অক্ষুণ্ণ রাখাই দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এমনটাই মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মতে, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এই সাফল্য আসলে তৃণমূল স্তরের গণতন্ত্রের জয় জয়কার। সেইসঙ্গে বিজেপির প্রতিশ্রুতিনির্ভর রাজনীতির প্রতিও মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছে এই ফলাফলের মাধ্যমে।

একই সুরে গলা মিলিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গহলৌতের দাবি, কংগ্রেসের নীতি, কর্মসূচি এবং সিদ্ধান্তের প্রতি মানুষের সমর্থনই আজকের এই ফলাফল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘এক্স’ হ্যান্ডেলে এক বিবৃতিতে বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতায় রাজস্থানের মানুষ তিক্তবিরক্ত। এই ভোটের ফল তারই প্রমাণ।’


তবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে বিজেপির সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু। তাঁর দাবি, এই নির্বাচনে আসন সংখ্যার ব্যবধানকে বড় করে দেখার কিছু নেই। কারণ, পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে কোনও দল হারলেও লোকসভা বা বিধানসভা নির্বাচনে সেই দলের জয় পাওয়া অসম্ভব কিছু না।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।