Bengal Liberty : এশিয়ার বৃহত্তম ফুলের বাজার হাওড়া ব্রিজ সংলগ্ন মল্লিকঘাট। তিরুপতি থেকে রাজস্থানের বিভিন্ন মন্দিরে দেবদেবীর ফুলের সাজসজ্জার জন্য ফুলের জোগান আসে এই বাজার থেকেই। এবার সেই ঐতিহ্যবাহী ফুলবাজারের আধুনিকীকরণে বড়সড় পরিকল্পনা নিল রাজ্য সরকার। পাশাপাশি জগন্নাথ ঘাটের সৌন্দর্যায়ন ও সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে। শনিবার রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কল্যাণ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। দ্রুত কাজ শুরুর বিষয়ে আশাবাদী তিনি।
প্রায় ২০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মল্লিকঘাট ফুলবাজারের জীর্ণ কাঠামো এবং অপরিচ্ছন্ন পরিবেশ বদলে ফেলতে কলকাতা পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে, কলকাতা পুলিশ, কলকাতা পোর্ট-সহ বিভিন্ন সংশ্লিষ্ট দফতরেরআধিকারিক এবং জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা।
বৈঠক শেষে মন্ত্রী জানান, এবার চারতলা বহুতল ভবনে গড়ে তোলা হবে ফুলবাজার। জেলা থেকে ফুল নিয়ে আসা চাষিদের সুবিধার জন্য স্বল্পমূল্যে কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকবে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ফুলচাষিদের জন্য তৈরি হবে বিশ্রামাগার। অবিক্রিত ফুল ও বাতিল পাতা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্পত্তি করতে বসানো হবে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যন্ত্র। শুধু তাই নয়, ফুল দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী ও পণ্য বিক্রির জন্য থাকবে পৃথক শোরুমও।মল্লিকঘাট থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে ফুল সরবরাহ ও রফতানির পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
আরও খবর
মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর কথায়, ‘এই বাজারের ফুলের চাহিদা বিপুল। কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে ফুল সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। ফলে নষ্ট হচ্ছে প্রচুর ফুল। সেই সমস্যা দূর করতেই নতুন করে পরিকল্পনা তৈরি করা হচ্ছে।’ ইতিমধ্যেই এই বিষয়ে তিনটি বৈঠক হয়েছে। দ্রুত উন্নয়নের কাজ শুরু করা সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে, ২০০৭ সালের পর থেকে ফুলবাজারের উন্নয়নে কোনও সরকারই উল্লেখযোগ্য পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন বিধায়ক বিজয় ওঝা। তাঁর দাবি, ফুলবাজারের আধুনিকীকরণের পাশাপাশি পুণ্যার্থী ও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে জগন্নাথ ঘাটেরও আমূল সংস্কার করা হবে।


