Bengal Liberty : রবিবার সকালে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। হাসপাতালের লেবার রুমের পাশের একটি বন্ধ গোডাউনে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বস্তির খবর, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রোগীরাও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
কী কারণে অগ্নিকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে লেবার রুমের পাশের একটি বন্ধ গোডাউনে আগুন লাগে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। অন্যদিকে, কোনওরকম ঝুঁকি না নিয়ে রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি, হাসপাতালের লেবার রুমের মতো গুরুত্বপূর্ণ বিভাগের পাশে কেন ওই গোডাউন ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। আগুন হাসপাতালের অন্য অংশে ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। ইতিমধ্যেই আগুনের উৎসস্থল খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। তদন্তের পর এ বিষয়ে রিপোর্ট জমা দেবেন তাঁরা। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


