Bengal Liberty : একটি বা দু’টি নয়, দেশজুড়ে ২৫৩টি সাইবার প্রতারণার ঘটনায় যোগসাজশের অভিযোগে এবার গ্রেফতার হলেন এক সিপিএম নেতা। বাঁকুড়ার জয়পুর থানার পুলিশের হাতে ধৃত ওই নেতার নাম আলোক মিদ্যা। অভিযোগ, নিজের নামে সংস্থা খুলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাইবার প্রতারণার বিপুল অর্থ লেনদেনের সুযোগ করে দিয়েছিলেন তিনি। তদন্তে সেই অ্যাকাউন্টের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত ২৫৩টি সাইবার প্রতারণার যোগসূত্র মিলেছে বলে দাবি পুলিশের। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের বাসিন্দা আলোক মিদ্যা একসময় এলাকার প্রভাবশালী সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে জয়পুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষের দায়িত্ব পান তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয়তা কমলেও সিপিএমের সদস্যপদ বজায় ছিল। বর্তমানে স্থানীয় একটি বালিঘাটে কর্মচারী হিসেবে কাজ করতেন আলোক।
তদন্তকারীদের দাবি, সম্প্রতি বিভিন্ন সাইবার প্রতারণার তদন্ত করতে গিয়ে আলোকের নাম সামনে আসে। জানা যায়, নিজের নামে একটি সংস্থা তৈরি করেছিলেন তিনি। সেই সংস্থার নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টও খোলা হয়েছিল। অভিযোগ, ওই অ্যাকাউন্ট ব্যবহার করেই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের লেনদেন চলত। প্রাথমিক তদন্তে অন্তত ২৫৩টি প্রতারণার ঘটনার সঙ্গে অ্যাকাউন্টটির যোগসূত্র পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি।
আরও খবর
এই তথ্য সামনে আসতেই তদন্তে গতি আনে জয়পুর থানার পুলিশ। শনিবার রাতে টানাদিঘি গ্রামে আলোকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি, চেকবই, ডেবিট কার্ড এবং সংস্থার চুক্তিপত্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান তদন্তকারীরা। এই চক্রে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।
বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ জানিয়েছেন, বিভিন্ন সাইবার প্রতারণার তদন্তের সূত্র ধরে আলোক মিদ্যার প্রত্যক্ষ যোগের তথ্য পুলিশের হাতে আসে। এরপর তদন্ত শুরু হয়। প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, সিপিএম নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদারের অভিযোগ, বাম আমলে সিপিএমের একাংশের নেতা-কর্মীরা ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছিলেন। পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েও সেই কাজ চালিয়ে গিয়েছেন। তাঁর বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পুলিশ স্বাধীনভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
অন্যদিকে, ধৃত নেতার পাশে দাঁড়িয়ে ভিন্ন যুক্তি দিয়েছেন সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। তাঁর দাবি, আলোকের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করে থাকতে পারে। বিষয়টি আলোক নিজেও না জেনে থাকতে পারেন। দেবলীনার যুক্তি, এত প্রতারণার অর্থের সঙ্গে সত্যিই যুক্ত থাকলে আলোক নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারতেন। নিরপেক্ষ তদন্তেই প্রকৃত সত্য সামনে আসবে বলে দাবি তাঁর।
তবে পুলিশের তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঠিক কত টাকার লেনদেন হয়েছে এবং প্রতারণাচক্রের মূল মাথারা কারা? আলোকের ভূমিকা কতটা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর গ্রেফতারির সূত্র ধরে আন্তঃরাজ্য সাইবার প্রতারণাচক্রের আরও সদস্যের সন্ধান মিলতে পারে বলে মনে করছে পুলিশ।


