Bengal Liberty : দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ব্যাঙ্কের আর্থিক লেনদেনের উপর নজর সিবিআইয়ের। কোটি কোটি টাকার দুর্নীতির অর্থ কোথা থেকে এসেছিল এবং কোন পথে তা বিভিন্ন অ্যাকাউন্টে পৌঁছেছিল, সেই হিসাব পেতেই এবার একাধিক ব্যাঙ্ক আধিকারিককে তলব করেছেন তদন্তকারীরা। তালিকায় রয়েছেন ম্যানেজার পদমর্যাদার দুই আধিকারিকও। সোমবার তাঁদের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের পর এবার ব্যাঙ্ক আধিকারিকদের কাছ থেকে আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে চাইছেন গোয়েন্দারা।
সুজিত বসুকে জেরার পর ব্যাঙ্ক আধিকারিকদের তলব
সিবিআইয়ের দাবি, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর। অভিযোগ, অবৈধ নিয়োগের বিনিময়ে বিপুল পরিমাণ কালো টাকার লেনদেন হয়েছিল। সেই টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল বলেও তদন্তকারীদের দাবি।
এই মামলায় ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে জেরা করে পাওয়া তথ্য এবং তদন্তে উঠে আসা বিভিন্ন নথি ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই এবার ব্যাঙ্ক আধিকারিকদের তলব করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, ব্যাঙ্কের নথিপত্র এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য থেকে আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।
আরও খবর
কোটি কোটি টাকার লেনদেনের উৎস খুঁজছেন গোয়েন্দারা
সিবিআইয়ের মূল লক্ষ্য, নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল এবং পরবর্তী সময়ে কোথায় কোথায় সরানো হয়েছিল, তা খুঁজে বের করা। কোন তারিখে, কী পদ্ধতিতে এবং কারা ওই টাকা জমা করেছিলেন, সে বিষয়ে ব্যাঙ্ক আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইবেন তদন্তকারীরা। পাশাপাশি, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি থেকে পরবর্তী সময়ে কাদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হবে। এই আর্থিক লেনদেনের সঙ্গে সুজিত বসুর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও যোগাযোগ ছিল কি না, সেটিও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তাঁর হয়ে অন্য কেউ ব্যাঙ্কে গিয়ে আর্থিক লেনদেন পরিচালনা করতেন কি না, সেই প্রশ্নেরও উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
বিশেষ করে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের সঙ্গে ব্যাঙ্ক আধিকারিকদের বক্তব্যের কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই। পাশাপাশি, ব্যাঙ্কের নথিপত্রের সঙ্গে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে দেখারও পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। এই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে নিয়োগ দুর্নীতি মামলায় আরও কোনও প্রভাবশালীর নাম উঠে আসে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।


