Suvendu Adhikari
রাজ্যের নাম ইংরেজিতেও 'পশ্চিমবঙ্গ' রাখার প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়

‘ওয়েস্ট বেঙ্গল’ নামেও ইতি! রাজ্যের নাম ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আসছে বিধানসভায়

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে রাজ্যের দীর্ঘ ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে। এই নাম মুছে ফেলার অর্থ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে উপেক্ষা করা। নাম পরিবর্তন নিয়ে মতামত চাওয়া হলে নিজের অবস্থান জানাবেন বলেও আগে জানিয়েছিলেন তিনি।

মূলত প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখেই রাজ্যের নাম পরিবর্তনের ভাবনা প্রথম সামনে আসে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলিকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় ‘ওয়েস্ট বেঙ্গল’ একেবারে শেষে থাকায় রাজ্যের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। অনেক সময় প্রথম দিকের রাজ্যগুলির বক্তব্য দীর্ঘায়িত হলে শেষের দিকে থাকা রাজ্যগুলি পর্যাপ্ত সময় পেত না। এই সমস্যার সমাধান করতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আনা হয়। তবে আলোচনায় ‘বাংলা’ নামের পক্ষেই বেশি মত উঠে আসে। তৎকালীন বামফ্রন্ট সরকার, কংগ্রেস ও তৃণমূল প্রস্তাবে সংশোধনী আনে। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি।

দীর্ঘ ১৭ বছর পর, ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দফার সরকারের আমলে ফের রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ২ অগস্ট রাজ্য মন্ত্রিসভা তিনটি ভাষায় তিনটি পৃথক নামের প্রস্তাব অনুমোদন করে। বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম রাখার সিদ্ধান্ত হয়। বিধানসভায় বামেদের আনা সংশোধনী ১৮৯-৩১ ভোটে খারিজ হয়ে যায়। পরে মূল প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে পাঠানো হয়। তবে তিনটি ভাষায় তিনটি পৃথক নাম রাখার প্রস্তাবে আপত্তি জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য ছিল, সব ভাষাতেই রাজ্যের একটি অভিন্ন নাম থাকতে হবে। ফলে সেই প্রস্তাব কার্যকর হয়নি।

এরপর ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় ফের নাম পরিবর্তনের প্রস্তাব আনা হয়। সেবার সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নামের সাদৃশ্য নিয়ে আপত্তি উঠলেও প্রস্তাবটি কেন্দ্রের কাছে পাঠানো হয়। দ্রুত অনুমোদনের জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি বিবেচনার আশ্বাস মিললেও শেষ পর্যন্ত কেন্দ্রের অনুমোদন পাওয়া যায়নি।

এবার সেই পুরনো বিতর্কে নতুন মাত্রা যোগ করল শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যের ঐতিহাসিক পরিচয় অক্ষুণ্ণ রেখে সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ নাম চালুর প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এই প্রস্তাব পেশ হওয়ার কথা। তবে বিধানসভায় প্রস্তাব পাশ হলেই নাম পরিবর্তন কার্যকর হবে না। এর জন্য সাংবিধানিক প্রক্রিয়া মেনে সংসদে আইন প্রণয়ন এবং রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। ফলে রাজ্য সরকারের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।