আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর! দিলেন উন্নয়নের বার্তা
আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর! দিলেন উন্নয়নের বার্তা

আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর! দিলেন উন্নয়নের বার্তা

Bengal Liberty : কলকাতায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নিজের ফেসবুক পেজে এই সাক্ষাতের একাধিক ছবি পোস্ট করে তিনি জানান, আদিবাসী সমাজের বিভিন্ন বিষয়, সমস্যা, প্রত্যাশা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে প্রতিনিধিদের সঙ্গে তাঁর মতবিনিময় হয়েছে। আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার ও স্বার্থরক্ষার পাশাপাশি তাঁদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। আদিবাসী সমাজের সম্মান, মর্যাদা ও উন্নয়নের পথ আরও সুদৃঢ় করাই সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্প্রতি আদিবাসী সমাজের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তাঁদের উন্নয়ন সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করেন তিনি। ওই উপলক্ষে আয়োজিত সভা ও প্রশাসনিক কর্মসূচিতে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি এবং জমির অধিকার রক্ষার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভুয়ো তফসিলি জনজাতি শংসাপত্র বাতিলের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতি দেন তিনি।

আদিবাসী উন্নয়নে একাধিক প্রকল্প ও সরকারি সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। ৭৭০ জন আদিবাসীর হাতে বনাঞ্চলের জমির পাট্টা তুলে দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়েছে। শবর সম্প্রদায়ের মানুষের পুষ্টির চাহিদা মেটাতে পুষ্টি সহায়তা প্রকল্প চালুর কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথাও সামনে এসেছে।

এর আগে, ২০ নভেম্বর নবান্নে জঙ্গলমহলের কুড়মি সমাজের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের কর্মসূচি ছিল। তাঁদের সামাজিক দাবি এবং তফসিলি জনজাতি তালিকাভুক্তির বিষয়টি নিয়েও আলোচনার কথা উঠে আসে। এই ধরনের বৈঠকের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের অভাব-অভিযোগ, সরকারি পরিষেবা পেতে সমস্যার পাশাপাশি স্থানীয় উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরার সুযোগ তৈরি হয়।

আদিবাসী প্রতিনিধিদের বক্তব্য ও প্রত্যাশা শুনে সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, পুষ্টি, জমির অধিকার এবং সাংস্কৃতিক পরিচয় রক্ষার মতো বিষয়গুলি যে রাজ্য সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, সাম্প্রতিক ঘোষণা ও উদ্যোগগুলিতে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।