নেপালে ভয়াবহ বন্যার পর নিখোঁজ ২১৩ ভারতীয়! মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, পরিবারের সদস্যদের কাছে বিশেষ আবেদন দূতাবাসের
নেপালে ভয়াবহ বন্যার পর নিখোঁজ ২১৩ ভারতীয়! মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, পরিবারের সদস্যদের কাছে বিশেষ আবেদন দূতাবাসের

নেপালে ভয়াবহ বন্যার পর নিখোঁজ ২১৩ ভারতীয়! মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু, পরিবারের সদস্যদের কাছে বিশেষ আবেদন দূতাবাসের

Bengal Liberty : নেপালে ভয়াবহ বন্যার জেরে নিখোঁজ হয়ে যাওয়া ভারতীয় নাগরিকদের নিয়ে এবার বড় পদক্ষেপ করল নেপাল সরকার। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তিদের আইনিভাবে মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ২১৩ জন নিখোঁজ ভারতীয় নাগরিকের তালিকা প্রকাশ করেছে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)।

প্রসঙ্গত, ২০২৬ সালের ২৬ অগস্ট নেপালের ত্রিশূলী-ভোটে কোশী নদী ব্যবস্থায় ভয়াবহ আকস্মিক বন্যা হয়। সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই বহু মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে রয়েছেন ২১৩ জন ভারতীয় নাগরিক। দীর্ঘদিন ধরে তাঁদের সন্ধান না মেলায় এবার নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করার আইনি প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার।

নেপালের NDRRMA-র ওয়েবসাইটে নিখোঁজ ২১৩ জন ভারতীয় নাগরিকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ওই তালিকায় কোনও নাম সংযোজন বা বাদ দেওয়ার কিংবা ব্যক্তিগত তথ্য সংশোধনের প্রয়োজন থাকলে আপত্তি ও সংশোধনের আবেদন জানানোর সুযোগও রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে বিশেষ আবেদন জানিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস। প্রকাশিত তালিকায় কোনও ভুল থাকলে কিংবা তথ্য সংশোধনের প্রয়োজন হলে আগামী ২ ডিসেম্বর, ২০২৬-এর আগে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা eoikathmandufloodsupport@gmail.com ইমেল ঠিকানায় নিজেদের আপত্তি বা সংশোধনের আবেদন জানাতে পারবেন। এ ছাড়াও +9779851316807 নম্বরে যোগাযোগ করা যাবে। ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

নেপাল সরকারের এই উদ্যোগের মাধ্যমে নিখোঁজ ভারতীয় নাগরিকদের মৃত ঘোষণার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। তবে প্রকাশিত তালিকায় কোনও নাম বা তথ্য নিয়ে পরিবারের সদস্যদের আপত্তি থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যেই তা জানানোর আবেদন জানিয়েছে ভারতীয় দূতাবাস।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।