Bengal Liberty : বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা। প্রায় ২৫ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকেরা।
বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের গতি আরও বাড়বে। এদিন মঞ্চ থেকে কার্যত সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সেই সঙ্গে বাংলার সড়ক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র যে দরাজহস্ত, তারও নজির তুলে ধরলেন তিনি। এদিন পালসিট থেকে ডানকুনি পর্যন্ত জাতীয় সড়কের চার লেনের অংশ এবং ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় সেতুর উদ্বোধন করেন নীতিন গড়করি। পাশাপাশি রাজ্যে ২২টি নতুন সড়ক প্রকল্পের শিলান্যাস হয়। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬বি জাতীয় সড়কের সম্প্রসারণ। রামনগর বাইপাস নির্মাণে ৮১২.৫০ কোটি টাকা এবং ঠাকুরনগর-নাচিন্দা সড়কের জন্য ৪৬৯.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নামখানা-বকখালি সড়কের জন্য ২৩৭.৩৭ কোটি, ভীমগড়-মল্লারপুর সড়কের জন্য ২৫৭ কোটি এবং মল্লারপুর-নলহাটি সড়কের জন্য ১০০.২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়াও সুরুল-মল্লারপুর ও পুরন্দরপুর-রঙাইপুর সড়কের উন্নয়নে ১৫১.৩২ কোটি, নরঘাটে ১১৬বি জাতীয় সড়কে নতুন সেতু নির্মাণে ২৩১.৭১ কোটি, মন্তেশ্বর-দাঁইহাট সড়কের উন্নয়নে ১৫১.৯৯ কোটি এবং বর্ধমান-কাটোয়া সড়কের সম্প্রসারণে ১৭২.২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। রঘুনাথপুর-চন্দনকিয়ারি-চাস সড়কের জন্য ২৩৫.২৬ কোটি, মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা সড়কের জন্য ১৮৭.৩৩ কোটি, বিষ্ণুপুর-বেলেঘাটা সড়কের জন্য ১৫৪.৮৩ কোটি এবং এসটিকেকে সড়কের উন্নয়নে ২৯১.৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও খবর
জুবিলি মোড়-রুনাকুড়াঘাট সড়কের জন্য ২৩৫.২০ কোটি, রঘুনাথপুর-চেলিয়ামা সড়কের জন্য ১৮২.৭১ কোটি এবং আরামবাগে দ্বারকেশ্বর নদীর উপর সেতু নির্মাণে ৩৭৫.৭৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর সড়কে ২০টি, বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা সড়কে ২৫টি এবং বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি ভেহিকুলার আন্ডারপাস নির্মাণ করা হবে। এই তিনটি প্রকল্পে যথাক্রমে ৭৬৭ কোটি, ৬৯০ কোটি এবং ২৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে বরাদ্দ হয়েছে ৭৮ কোটি টাকা।
এদিন কলকাতার জন্য ১৪ হাজার কোটি টাকার রিং রোড প্রকল্প, ১১৬ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি রিং রোড, হুগলি নদীর তলদেশে টুইন টানেল এবং জোকা-নামখানা চার লেনের সড়কের মতো বড় প্রকল্পের কথাও উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে। ফালতা-বাগনান সেতু নির্মাণের পাশাপাশি কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের সঙ্গে দুর্গাপুরকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন নীতিন গড়করি।
বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি বলেন, ‘‘ডবল ইঞ্জিন সরকারের আমলে পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় উঠেছে।’’ আগামী পাঁচ বছরে বাংলার সড়ক পরিকাঠামো আমেরিকার মতো উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, উন্নত সড়ক পরিকাঠামো গড়ে উঠলে নতুন বিনিয়োগ আসবে, পণ্য পরিবহণের সুবিধা বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
রাজনৈতিক পালাবদলের পর কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে পরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আগামী দিনে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।


