Bengal Liberty : পুলিশের হাত থেকে পালিয়ে বেশিদিন গা ঢাকা দিয়ে থাকতে পারলেন না প্রতাপ দাস। ফেরার ওই অভিযুক্তের খোঁজে শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি বাড়িতে লুকিয়ে থাকা প্রতাপকে ঘিরে ধরতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন তিনি, এমনটাই অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশও। পুলিশের গুলিতে ডান পায়ে জখম হন প্রতাপ। শেষ পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থাতেই তাঁকে গ্রেফতার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার পুলিশের উপর গুলি চালিয়ে চম্পট হয়ে যায় অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানায় প্রতাপ দাসের বিরুদ্ধে সাইবার প্রতারণার একটি মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেফতার করতে বুধবার হিরাপুর থানার ইসমাইল এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশকর্মীদের দেখেই গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর থেকেই প্রতাপের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তাঁর গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছিল।
শুক্রবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, ইসমাইল এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন প্রতাপ। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও খবর মেলে। এরপরই পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ অভিযানে নামে। নেতৃত্বে ছিলেন হিরাপুর থানার আধিকারিকেরা। সকাল থেকেই গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির পাঁচিলে উঠে এবং এলাকার অলিগলিতে টহল দিয়ে অভিযুক্তের খোঁজ চালান পুলিশকর্মীরা।
পুলিশের পাল্টা গুলি
পুলিশের দাবি, প্রতাপের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাঁকে ধরতে এগিয়ে যান আধিকারিকেরা। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই প্রতাপের ডান পায়ে গুলি লাগে। এরপর একটি বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, প্রতাপকে নিয়ে প্রতিবেশীদের একাংশের অভিযোগ, অল্প বয়স থেকেই বিভিন্ন বেআইনি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বেআইনি লোহা পাচারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।


