Bengal Liberty : নাবালক অবস্থায় হাতে খড়ি হয় অপরাধের । আর বয়স মাত্র ২৫ বছরে হয়েছেন শতাধিক অপরাধের মামলায় অভিযুক্ত। অবল্প বয়সেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন্রাজ্যের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। নাবালক বয়সেই অপরাধ জগতে পা রেখে ধাপে ধাপে একাধিক গুরুতর অভিযোগে নাম জড়িয়েছে প্রতাপ দাস নামের ওই যুবকের।
অবশেষে আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় পুলিশের অভিযানে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েছে সে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালক বয়সে অপরাধের দুনিয়ায় প্রবেশ করার পর শুরুতে পেট্রোল পাম্পে ডাকাতি ও মদের দোকানে লুঠের মতো ঘটনায় প্রতাপের নাম জড়ায় বলে অভিযোগ। সময়ের সঙ্গে সঙ্গে তার অপরাধের ধরন ও পরিধি আরও বিস্তৃত হয়।
বাঁকুড়ার এক রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ যেমন রয়েছে, তেমনই বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখানো এবং হামলার জন্য সুপারি নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের একাংশের দাবি, দ্রুত গতিতে মোটরবাইক চালানোর দক্ষতাকে অপরাধমূলক কাজে ব্যবহার করত প্রতাপ। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় একাধিক সুপারি কিলার তাকে বাইক চালক হিসেবে ভাড়া করত বলে অভিযোগ। খুনের উদ্দেশ্যে অভিযুক্তদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করার মতো কাজেও সে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা পুরোপুরি তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
আরও খবর
এ বছর পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল প্রতাপ। এরপর ইসমাইল এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর অভিযোগ ওঠার পর থেকেই তৎপর হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুরু হয় জোর তল্লাশি। সেই অভিযানের সময়ই ইসমাইল এলাকায় পুলিশের গুলিতে জখম হয় সে। গুলি তার পায়ে লাগে বলে জানা গিয়েছে। অভিযান চলাকালীন সম্ভাব্য বিপদ এড়াতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজা বন্ধ রাখার পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না বেরোনোর নির্দেশ দেন পুলিশ আধিকারিকেরা।
এত কম বয়সে শতাধিক মামলার অভিযোগ সামনে আসায় প্রতাপের অপরাধচক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তার নেটওয়ার্কে আর কারা রয়েছে, পুরনো মামলাগুলির সঙ্গে তার যোগসূত্র কতটা গভীর এবং বিভিন্ন ঘটনায় তার প্রকৃত ভূমিকা কী ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। নাবালক বয়সে শুরু হওয়া অপরাধের পথ বেয়ে মাত্র ২৫ বছরেই বিস্তৃত অপরাধের এই খতিয়ান এখন তদন্তের আতশকাচের নিচে।


