'কী রে চাটন! বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল', সোশ্যাল মিডিয়ায় ঋতব্রতকে কটাক্ষ কুণালের
'কী রে চাটন! বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল', সোশ্যাল মিডিয়ায় ঋতব্রতকে কটাক্ষ কুণালের

‘কী রে চাটন! বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল’, সোশ্যাল মিডিয়ায় ঋতব্রতকে কটাক্ষ কুণালের

Bengal Liberty : ‘বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।’ না না! এই ব্যঙ্গ এই ডিজিটাল চ্যানেল কর্তৃপক্ষ কাউকে করেনি! আসলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত কলকাতা হাই কোর্ট খারিজ করে দিয়েছে। তারপরই সমাজমাধ্যমে তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফেসবুকে একটি পোস্টে ঋতব্রতকে নিশানা করে তিনি লেখেন, ‘কী রে চাটন! বালিশ ফেটে তো তুলো বেরিয়ে গেল।’ সঙ্গে আবার জুড়ে দেন হাসির ইমোজি। এদিন আদালতের রায়ের পর কুণালের এই পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার কলকাতা হাই কোর্ট বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর ৩ জুনের সিদ্ধান্ত খারিজ করে দেয়। ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্পিকারকে। মামলাটি করেছিলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

কুণাল ঘোষের পোস্টে সরাসরি আদালতের রায়ের কোনও ব্যাখ্যা নেই ঠিকই, কিন্তু ‘চাটন’ এবং ‘বালিশ ফেটে তুলো বেরিয়ে গেল’ মন্তব্যকে ঋতব্রতকে উদ্দেশ্য করেই কটাক্ষ করা হয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিরোধী দলনেতা নির্বাচনের পদ্ধতি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন কুণাল। তাঁর মতে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্পিকারের কাছে পাঠানো চিঠির ভিত্তিতে ঋতব্রতকে ওই পদে বসানো হয়েছিল। কিন্তু শেষমেষ আদালতের সাম্প্রতিক রায়ে স্পিকারের সেই সিদ্ধান্তই বাতিল করা হয়েছে। উল্লেখ্য, বিরোধী দলনেতা নিয়োগের মামলায় আদালত স্পিকারকে ফের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে সরাসরি ওই পদে বসানোর নির্দেশ দেয়নি হাই কোর্ট।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।